কেরানীগঞ্জ সংবাদদাতা
কেরানীগঞ্জে বৃহস্পতিবার রাতে স্বামী ও ননদ গরম তেল ছুড়ে মারার ঘটনায় এক গৃহবধূসহ চারজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন—গৃহবধূ শানু আকতার (২০), প্রতিবেশী আরমান (২০), তুহিন (২২) ও মেহেদী (১৫)।
মডেল থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ পাওয়ার হাউজ এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা এলাকার বাসিন্দা। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ঘটনা নিশ্চিত করেন। দগ্ধ শানুর বাবা শফুর উদ্দিন জানান, পাঁচ মাস আগে প্রতিবেশী অলির সঙ্গে আমার মেয়ে শানু আক্তারের বিয়ে হয়। বিয়ের এক মাস পর থেকে নানা কারণে স্বামী-স্ত্রীর ও ননদের মধ্যে ঝগড়া বিবাদ চলতে থাকে। এরপর প্রায়ই অলি আমার মেয়েকে মারধর করতো। পরে আমরা জানতে পারি অলি একজন মাদকাসক্ত। বৃহস্পতিবার দুপুরেও অলি তার মেয়েকে মারপিট করলে শানু রাগ করে আমাদের বাড়িতে চলে আসে। পরে রাতে শানুর প্রতিবেশী আরমান, তুহিন ও মেহেদীকে সঙ্গে নিয়ে ফের স্বামীর বাসায় গিয়ে ঝগড়ার কারণ জানতে চায়। এক পর্যায়ে অলি ও তার বড় বোন লিপি বাসার চুলার ওপর থাকা গরম তেল তাদের ওপরে নিক্ষেপ করেন। এতে শানুসহ ওই চারজন দগ্ধ হয়।
এরপর তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
বার্ন ইউনিটের জরুরি বিভাগের সূত্র জানান, শানুর শরীরে ৬ শতাংশ, আরমানের ৬ শতাংশ, মেহেদীর ৭ শতাংশ ও তুহিনের ১২ শতাংশ ঝলসে গেছে। এ ব্যাপারে গতকাল শুক্রবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়েছে।
