সনি ওয়েডসন জেতাল শেখ জামালকে

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:০৯
শেখ জামাল ৩ ব্রাদার্স ২ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে জয়ের সম্ভাবনা জাগিয়েও পারেনি ব্রাদার্স ইউনিয়ন। এমনকি ড্র (২-২) করার সুযোগ পেয়ে তা হারিয়েছে দলটি, খেলার এক মিনিট বাকি থাকতে গোল হজম করে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে জিতলো শেখ জামাল। সারাক্ষণ ভালো খেলে ব্রাদার্সের গোলকিপার সুজনের একটা ভুলই দলকে ডোবালো। শেষ বাঁশি বাজার আগে বক্সের বাইরে থেকে হাইতির ওয়েডসনের গড়ানো শট সুজন হালকাভাবে ধরতে গেলে হাত ফসকে দুই পায়ের ফাঁক গলে জালে যায়। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচটা হারায় ব্রাদার্স। আর ভাগ্যগুণে তিন পয়েন্ট পেলো শেখ জামাল। শেষ বাঁশির পর রেফারি জসিম উদ্দিনকে ব্রাদার্সের খেলোয়াড় এবং সমর্থকরা মাঠের মাঝ বৃত্তের উপরে ঘিরে ধরে। কেউ দুই এক ঘা মেরেও দিয়েছে ভিড়ের মধ্যে। পুলিশ দৌড়ে গিয়ে রেফারিকে ঘিরে ধরার আগেই ব্রাদার্সের ফুটবল ম্যানেজার আমের খান উত্তেজিত খেলোয়াড় ও সমর্থকদের নিবৃত করার চেষ্টা করেন। খেলোয়াড়দের ও সমর্থকদের দাবি রেফারি বেশি সময় খেলিয়েছেন। গোলটা পরিশোধের জন্য শেখ জামালকে সুযোগ দিয়েছেন। এই অভিযোগ নিয়ে কথা বলেননি ব্রাদার্সের ভারতীয় কোচ সৈয়দ নইম উদ্দিন। শেষ গোলটা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মনোযোগের অভাব ছিল। আর প্রথম গোলটার জন্য তিনি দায়ী করেছেন রক্ষণভাগকে। গোলকিপার সুজন বলেছেন, ‘আমার সামনে তিনজন ডিফেন্ডার ছিলেন। তাদের কারণে বল দেখতে পারিনি। আমি হঠাত্ আবিষ্কার করলাম বল আমার হাতের সামনে।’ শেখ জামাল কাল নিটল টাটা প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের দ্বিতীয় ম্যাচ জিতলো। টেবিলের শীর্ষে থাকা শেখ জামালের এখন ২৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনী ৮ পয়েন্ট পিছিয়ে আছে। শিরোপা দৌড়ে এগিয়ে থাকলো শেখ জামাল। ফিরতি পর্বের দ্বিতীয় ম্যাচে এসে যোগ দিলেন দলের হাইতিয়ান ফরোয়ার্ড সনি নরদে। বেলজিয়ামে ট্রায়াল দিয়ে ফিরে এসে মাঠে নেমেই কাল ব্রাদার্সের বিরুদ্ধে ভালো খেলেছেন এই কুশলী ফরোয়ার্ড। আগের ম্যাচে চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে যে খেলাটা খেলেছিলো শেখ জামাল এদিন ব্রাদার্সের বিরুদ্ধে তার চাইতে কিছুটা উন্নতি চোখে পড়েছে। তারপরও খেলা দলটির সুনাম অনুযায়ী হয়নি। নিজের অসন্তুষ্টির কথা জানিয়েছেন কোচ যোসেফ আপুসি। তিনি বলেছেন, ‘এভাবে গোল খেয়ে গোল করে ম্যাচ জেতা কঠিন। আগামী ম্যাচে খেলা বদলাবো আমরা।’ চট্টগ্রাম আবাহনীর বিরুদ্ধে গোল হজম করে পিছিয়ে থাকা শেখ জামাল জিতেছিল ২-১ ব্যবধানে। কাল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচের ১৭ মিনিটে পেনাল্টি থেকে সনির গোলে এগিয়ে (১-০) গিয়েও দুই গোল হজম করে পিছিয়ে (২-১) ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২০ মিনিটে ব্রাদার্সের নাইজেরিয়ান সিমন অসাধারণ একটি ভলি করে গোল করেন, সমতা আনেন (১-১)। ৫০ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার কেস্তার আকন গোল করেন, এগিয়ে যায় ব্রাদার্স (২-১)। ১০ মিনিট পর আবার সেই ওয়েডসন নিজের দ্বিতীয় গোল করেন দলকে সমতা ফেরান (২-২)। ম্যাচ জেতার জন্য দুই দলই লড়াই করে। তবে ব্রাদার্সের খেলোয়াড়দের মধ্যে ধৈর্য্যের অভাব ছিল। তারা মেজাজটা ধরে রাখতে পারেননি। ব্রাদার্সের কোচ নইম উদ্দিন বলেন, জিততে জিততে হেরে গেলাম। ভাগ্য সুপ্রসন্ন ছিল না। ২টা বাজে গোল খেয়েছি। তারপরও বলবো ছেলেরা ভালো খেলেছে। জয়ের লক্ষ্য নিয়ে খেলেছিলাম।’ আজকের খেলা আবাহনী ও সকার ক্লাব ফেনী, (বঙ্গবন্ধু স্টেডিয়াম, বিকাল ৫টা ৩০)।