ক্রিকেট মৌসুম বলে কিছু নেই!

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:১০
কমবেশী সব খেলারই নিজস্ব কিছু মৌসুমের হিসাব আছে। কখন ফুটবল বিশ্বকাপ হবে, কখন ক্রিকেট বিশ্বকাপ হবে, কখন ইউরোপিয়ান লিগ হবে; এগুলোর একটা ঐতিহ্যগত সময় ঋতু, আবহাওয়া মাথায় রেখে অনেক আগে থেকেই ঠিক হয়ে আছে। এই মৌসুম ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট খেলায়। কারণ, এই খেলাটিতেই আবহাওয়া, কন্ডিশন, মেঘ-রোদের প্রভাব সবচেয়ে বেশি। তাই ‘ক্রিকেট মৌসুম’ হল প্রতিটি দেশের এবং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিচার্য বিষয়। আধুনিক প্রযুক্তির পানি নিষ্কাষণ ব্যবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের আটোসাটো সূচির ফলে মৌসুম ব্যাপারটা আন্তর্জাতিক ক্ষেত্রে কিছুটা গুরুত্ব হারালেও সব ক্রিকেট খেলুড়ে দেশ তার ঘরোয়া ক্রিকেট নিজস্ব মৌসুম অনুযায়ীই চালায়; এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। এখনও ‘ক্রিকেট মৌসুম’ ব্যাপারটা দুনিয়া থেকে বিলুপ্ত হয়নি। অথচ গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান আ জ ম নাসির বিসিবি কার্যালয়ে বোর্ডের একাধিক কমিটির সমন্বয় সভার মাঝে বিরতি দিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলে দিলেন, ‘মৌসুম বলতে কিছু নেই।’ এমনিতেই চট্টগ্রামের সংগঠক আ জ ম নাসিরকে ঢাকার ক্রিকেট আয়োজনের প্রধান দায়িত্ব দিয়ে বিসিবি যথেষ্ট বিস্মিত করেছে বাংলাদেশকে। এবার তিনি নিজেই ক্রিকেট মহলকে বিস্মিত করার দায়িত্ব নিলেন যেন। সিসিডিএম চেয়ারম্যানকে এই কথাটা বলতে হল বিসিবির একটা ফাঁকি আড়াল করতে। অক্রিকেটীয় কার্যকলাপে ব্যস্ত থাকায় বিসিবি কার্যত হারিয়ে ফেলেছে ২০১২-১৩ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ। গত বছরের সেপ্টেম্বরে, মানে ২০১৩-১৪ মৌসুমে এসে আগের মৌসুমের ঢাকা লিগ আয়োজন করা হয়েছিল। তখন বলা হয়েছিল, এ বছর কাছাকাছি সময়ে দুটো লিগ আয়োজন করে মূল মৌসুমে ফিরে আসবে প্রিমিয়ার লিগ। আ জ ম নাসির বললেন, অক্টোবরে, মানে মৌসুমের শুরুতেই অনুষ্ঠিত হবে পরের প্রিমিয়ার লিগ। কিন্তু প্রশ্ন হল, সেটা কোন মৌসুমের লিগ হবে? ২০১৩-১৪, নাকি ২০১৪-১৫? আর এ প্রশ্নের জবাবেই নাসির বললেন এই মৌসুমহীনতার তত্ত্ব! এই তত্ত্ব তাদের না দিয়ে উপায় নেই। কারণ, প্রিমিয়ার লিগের চেয়েও বিসিবি এখন বেশি বুদ হয়ে আছে ধসে পড়া ভাবমূর্তির বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর আয়োজনের চিন্তায়। যদিও বিপিএলে ফিক্সিং নিয়ে এখনও কোনো সুরাহা হয়নি। এখনও সে মামলা ট্রাইবুন্যালে চলমান। কিন্তু বিসিবি এই ব্যাপক অর্থকড়ির লিগটিকে বেশি দিন খাচায় আটকে রাখতে চায় না। তারা এখন তৃতীয় আসরের সময় বের করতে প্রাণপণ চেষ্টা করছেন। গতকালের সমন্বয় সভা শেষে জানানো হল, আগামী ডিসেম্বর ও জানুয়ারি মিলিয়ে বিপিএলের তৃতীয় আসরটি আয়োজনের চেষ্টা করবে বিসিবি। নাসির জানালেন, ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি এই আসর আয়োজন করতে চান তারা। কেন, সে ব্যাখ্যা দিয়ে বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান নিজামউদ্দিন চৌধুরী সুজন বললেন, ‘আমরা দেখেছি বিপিএল করতে আমাদের ৩৬ দিনের মতো লাগে। এই সময়টা আমরা বের করে নেব।’ আর এর আগে ঢাকা প্রিমিয়ার লিগের পরবর্তী আসরটা আয়োজনের চিন্তা আছে সিসিডিএমের। সিসিডিএম চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগের খেলা শুরু করার ব্যাপারে আজকে আমরা আলাপ আলোচনা করেছি। ৪ ও ৫ আগস্ট প্রিমিয়ার ডিভিশনের দল বদলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। প্রিমিয়ার লিগ শুরু হবে ১০ অক্টোবর শেষ হবে ২৫ নভেম্বর।’ এবারের লিগে দলবদল আগেরবারের মতো ‘প্লেয়ার বাই চয়েস’ হবে না বলেই জানানো হয়েছিল। এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত ঠিক আছে বলেও এদিন জানানো হয়। তবে সুজন বললেন, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সিসিডিএমের সভায়। এ ছাড়া আগামী মৌসুমে প্রথম বিভাগের দলগুলোকে নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন এবং এনসিএল, বিসিএলের ফরম্যাটেও পরিবর্তন আনার চিন্তা আছে বিসিবির।