নলছিটি উপজেলা যুবলীগের নেতা মোত্তাকি বিল্লাহকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করেছে দলীয় প্রতিপক্ষরা। গত সোমবার রাতে শহরের বিআইপি কলোনির মোড়ে এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত ১০টার দিকে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে বিআইপি কলোনীর মোড়ে ওত্ পেতে থাকা যুবলীগকর্মী রুহুল আমিন তালুকদার অতর্কিত মোত্তাকি বিল্লাহর ওপর হামলা চালায়। রুহুল আমিন কুপিয়ে মোত্তাকি বিল্লাহকে জখম করে। মোত্তাকি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে। খবর পেয়ে যুবলীগ নেতা-কর্মীরা এসে তাকে প্রথমে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোত্তাকি বিল্লাহ শহরের বিআইপি সড়কের মৃত মুজাফ্ফর হোসেনের ছেলে। নলছিটি থানার ওসি আবুল খায়ের বলেন, মোত্তাকি বিল্লাহকে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় ঘটনার সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নলছিটি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
