ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মননোয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল সাড়ে ৩টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার বরাবরে মনোনয়নের কাগজপত্র দাখিল করেন মির্জা ফখরুল।
এ ছাড়া মির্জা ফখরুল বগুড়া-৬ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন বলে নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র দাখিলের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে, দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে, ভোটের অধিকারকে ফিরিয়ে আনতে, দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতেই আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করছি।
তিনি আরো বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা বিশ্বাস করি জনগণের ভোটে গণতন্ত্রের বিজয় হবে। গণতান্ত্রিক নির্বাচন যদি হয়, স্পেস যদি পাওয়া যায় তা হলে জনগণ অবশ্যই বিজয়ী হবে এবং স্বৈরাচারের পতন হবে।
এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, পার্টি থেকে আমাকে বলা হয়েছে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচন করার কথা আমরা কখনো ভাবিনি।
বুধবার ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এর পর তিনি সৈয়দপুর থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওয়ানা হন সেখানে মনোনয়নপত্র জমা দেয়ার জন্য।
