মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় ওয়েবসাইট টুইটার তার ব্যবহারকারীদের জন্য আরেকবার ইন্টারফেস বদলে দিয়েছে। আর নতুন এই ইন্টারফেসটি দেখতে অনেকটা ফেসবুকের মতোই। নতুন ইন্টারফেসে ফেসবুকের কভার পিকচারের মতোই উপরের অংশ জুড়ে থাকবে বড় একটি ছবি। আর ফেসবুকে কভার পিকচারের ঠিক যে অংশে প্রোফাইল পিকচার রয়েছে, ঠিক সেখানেই থাকবে টুইটার ব্যবহারকারীর প্রোফাইল পিকচার। কভার পিকচারের নিচে প্রোফাইল পিকচারের ডান পাশের অংশগুলোতে থাকছে টুইট, শেয়ার করা ছবি, ফলোয়ার প্রভৃতি তথ্য। গোটা প্রোফাইলকে এখন ভাগ করা হয়েছে তিনটি কলামে। বামের কলামে ফেসবুকের মতোই থাকছে ফলোয়ারদের ছবিসহ তালিকাসহ ব্যক্তিগত বিভিন্ন তথ্য। মাঝের কলামে হাজির হবে নতুন নতুন টুইট আর ডান পাশের কলামে ফলো করার মতো মানুষদের পরামর্শ, বর্তমান টুইট ট্রেন্ড প্রভৃতি তথ্য। নতুন চেহারার সাথে সাথে নতুন কিছু ফিচার নিয়েও হাজির হয়েছে টুইটার। এর মধ্যে শুরুতেই বলতে হবে টুইটার অ্যাকাউন্টের থিমের কথা। এখন সরাসরি প্রোফাইল থেকেই নির্বাচন করে নেওয়া যাবে নিজের পছন্দের থিম। ‘বেস্ট টুইট’ নামে আরেকটি ফিচারের মাধ্যমে যেসব টুইটে সবচেয়ে বেশি মানুষদের সংশ্লিষ্টতা থাকে, সেগুলোকে একটু বড় করে দেখানো হবে। আবার কোনো টুইটকে নিজের প্রোফাইলে সার্বক্ষণিকভাবে দেখাতে চাইলে পিন করার সুবিধাও যুক্ত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকেই নতুন এই ইন্টারফেস এবং ফিচারগুলো চালু করে টুইটার। কিন্তু সকলের জন্য এই সুবিধাগুলো উন্মুক্ত ছিল না, খুব অল্প কিছু ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু ছিল। এখন সকলের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়েছে টুইটারের নতুন এই ইন্টারফেস এবং নতুন সব ফিচার।
