ব্যবহারকারীর সংখ্যায় ৫০০ মিলিয়নের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ। ফেসবুকের কিনে নেওয়া এই ম্যাসেজিং অ্যাপ্লিকেশনটিতে ব্যবহারকারীরা প্রতিদিন গড়ে ৭০০ মিলিয়ন ছবি আর ১০০ মিলিয়ন ভিডিও শেয়ার করছেন। সম্প্রতি এক ব্লগ পোস্টে এই তথ্য জানিয়েছে হোয়াটসঅ্যাপ। এমন সাড়া পেয়েছে হোয়াটসঅ্যাপ খুশি বলেই জানিয়েছে। হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ব্লগে এ সম্পর্কে বলা হয়, ‘বর্তমানে বিশ্বের অর্ধেক বিলিয়ন মানুষ নিয়মিত সক্রিয়ভাবে ব্যবহার করছে এই অ্যাপ্লিকেশন। এ জন্য সকলকেই ধন্যবাদ।’ গত কয়েব মাসে ব্রাজিল, ভারত, মেক্সিকো, রাশিয়ার মতো দেশগুলোতে দ্রুত তাদের ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। তাদের সিইও জ্যাম কোউম জানিয়েছেন, তাদের ব্যবহারকারীর মধ্যে শীর্ষস্থানে রয়েছে ভারত, যেখানে প্রায় ৪৮ মিলিয়ন মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে। ৪৫ মিলিয়ন ব্যবহারকারী নিয়ে এর পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল। ২০০৯ সালে যাত্রা শুরু করা হোয়াটসঅ্যাপে সম্প্রতি একদিনে ৬৪ বিলিয়ন ম্যাসেজ শেয়ারিংয়ের রেকর্ডও হয়েছে।
