ক্যারিয়ার জিজ্ঞাসা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৫২
প্রশ্ন :আমি আগামী বছর ঢাকা বোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব। এসএসসিতে আমার জিপিএ ৫ ছিল। আশা করছি এইচএসসিতেও জিপিএ ৫ থাকবে। ভবিষ্যতে আমি ফলিত পদার্থ কিংবা কম্পিউটার সায়েন্স বিষয় নিয়ে পড়তে চাই। এর জন্য কি আমাকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে? এই বিষয়গুলো পড়ার জন্য কোন বিশ্ববিদ্যালয় বেশি ভালো? আলাদা করে কোনো প্রস্তুতির প্রয়োজন আছে কি এই বিষয়গুলোতে ভর্তি হতে? মো. রাজীব হোসেন নরসিংদী। উত্তর :আমাদের দেশে ফলিত পদার্থ বা কম্পিউটার সায়েন্স পড়ার জন্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোই সবচেয়ে বেশি মানসম্মত হিসেবে স্বীকৃত। তাই যেকোনো সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেই সবচেয়ে ভালো হয়। এর জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। আর প্রস্তুতির ক্ষেত্রে এখন থেকে আলাদা প্রস্তুতি নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। যেটা প্রয়োজন, সেটা হলো বিজ্ঞানের বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া। কারণ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি এই বিষয়গুলোর জন্য ভর্তি পরীক্ষাতে পদার্থ বিজ্ঞান এবং গণিতে ন্যূনতম নম্বর পেতে হয়। এইচএসসিতেও গণিত ও পদার্থ বিজ্ঞানে জিপিএ ৫ থাকা বাঞ্ছনীয়। ভর্তি নির্দেশিকাগুলোতেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected] \