পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালি ও ইন্দুরকানি) আসনে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্য দলের প্রার্থীরা হলেন— আহম্মেদ সোহেল মঞ্জুর (বিএনপি), মোস্তাফিজুর রহমান ইরান (লেবার পার্টি), আবুল কালাম আজাদ (ইসলামী আন্দোলন), রেজাউল করিম গাজী (বিএনএফ) ও আব্দুল হামিদ হাওলাদার (বাম গণতান্ত্রিক জোট)। এদের মধ্যে গত সোমবার ১৪ দলের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে তিন উপজেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গতকাল বুধবার রিটার্নিং অফিসারের কার্যালয়ে অন্য পাঁচ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
