গত বৃহস্পতিবার লন্ডনে ১০ অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলন করেছিল আইসিসি। ঘণ্টাখানেকের অনুষ্ঠানের এক পর্যায়ে সব অধিনায়ককে প্রশ্ন করা হয়, প্রতিপক্ষের কোনো ক্রিকেটারকে নিজ দলে নিতে চান? ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান সরাসরিই বলেছেন, নিজের দল নিয়ে তিনি সন্তুষ্ট। তবে ব্যাটিং কোচ হিসেবে রিকি পন্টিংকে পেতে চান তিনি। ভারতের বিরাট কোহলিও বলেছেন, বাইরে থেকে নিতে হলে এবি ডি ভিলিয়ার্সকে নিতেন। তিনি অবসরে যাওয়ায় এখন ফাফ ডু প্লেসিকে নিতে চান কোহলি। পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ নিতেন জস বাটলারকে। বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আঙ্গুল উঁচিয়ে দেখালেন কোহলিকে। সুযোগ পেলে কোহলিকেই নিতেন তিনি। বলেছেন, ‘দ্যাট ম্যান বিরাটকে চাই।’ ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার, আফগানিস্তানের গুলবাদিন নায়েব বাইরে থেকে কাউকেই নিজ দলে চাইলেন না।
