গার্দিওলার জুভেন্তাস-যাত্রা

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:২০

 ‘হাস্যকর’ বললো সিটি

স্পোর্টস ডেস্ক

পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছেড়ে জুভেন্তাসে যাচ্ছেন এমন গুঞ্জনে গেল কিছুদিন ধরেই মুখরিত ইংলিশ ও ইতালীয় গণমাধ্যম। ইতালীয় গণমাধ্যম তো দাবিই করে বসেছে, জুভেন্তাসের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গেছে স্প্যানিশ কোচের! এবার এই ব্যাপারে মুখ খুলেছে সিটি কর্তৃপক্ষ। কোচের দল ছাড়ার এই গুজবকে হাস্যকর বলে আখ্যা দিয়েছেন দলের বোর্ড সদস্য আলবার্তো গ্যালাসি।

সদ্যসমাপ্ত মৌসুমে ম্যানচেস্টার সিটি ইংলিশ ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে সম্ভাব্য সব ঘরোয়া শিরোপা জিতেছে, যার বেশির ভাগ কৃতিত্ব পাবেন গার্দিওলাই। গেল বছরই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি নবায়ন করেছিলেন সাবেক বার্সেলোনা কোচ। যার ফলে ২০২১ সাল পর্যন্ত দলটির কোচ হিসেবে থাকা নিশ্চিত হয়।

তবে ইতালীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, জুভেন্তাসের বর্তমান কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির শূন্যস্থান আগামী মৌসুমে গার্দিওলাই পূরণ করতে যাচ্ছেন এবং এ ব্যাপারে জুভেন্তাস বোর্ডের সঙ্গে সমঝোতায়ও পৌঁছে গেছেন তিনি।

ইতালীয় সংবাদ সংস্থা এজিআই সম্প্রতি জানিয়েছে ৪৮ বছয় বয়সী এই কোচ জুভেন্তাসের সঙ্গে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন এবং যার ফলে প্রতি মৌসুমে ২১ মিলিয়ন ইউরো আয় করবেন তিনি। তারা এটাও জানিয়েছিল যে, আনুষ্ঠানিক চুক্তিটি স্বাক্ষরিত হবে ৪ জুন ও তাকে সমর্থকদের সামনে ১৪ জুন উপস্থাপন করা হবে।

দলটির বোর্ড সদস্য আলবার্তো গ্যালাসি অবশ্য এমন খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন। গার্দিওলা প্রসঙ্গে স্কাই স্পোর্টস ইতালিয়ার করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা ভিত্তিহীন গুজব।’

গালাসির মতে এমন গুজব সংবাদ মাধ্যমে আসতেই দেয়া উচিত নয় জুভেন্তাসের মতো ক্লাবের। তার ভাষায়, ‘জুভেন্তাসের মতো ক্লাব নিজেদের নামে এমন গুজব বের হওয়া মেনে নিতে পারে না। গণমাধ্যম এই ধরনের গুজবও ছড়াতে পারে তা বিশ্বাস করা কঠিন। এটা হাস্যকর। গার্দিওলা দলেই থাকতে চায়।’

তিনি আরো বলেন, ‘সে একজন দারুণ পেশাদার এবং সে বিশ্বাসই করতে পারছে না যে তার কথা শোনাই হচ্ছে না। সে ক্লাব ছাড়তে চায় না। কোনো সমস্যা নেই কারণ এই ব্যাপারটারই কোনো অস্তিত্ব নেই।’

গালাসি আরো জানান জুভেন্তাস সহ-সভাপতি পাভেল নেদভেদের সঙ্গেও কথা হয়েছে তার, ‘আমি তাকে অনেক আগ থেকে চিনি। আমরা এই গুজবে হেসেছি এবং আমরা বুঝতে পেরেছি যে পুরো ব্যাপারটাই হাস্যকর এক প্রসঙ্গে পরিণত হয়েছে।’