কোনো রাজনৈতিক দলের আন্দোলনের কারণে নয়, সরকারের কূটনৈতিক সফলতায় তিস্তায় পানির প্রবাহ বেড়েছে বলে দাবি করেছে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন সংবাদ সম্মেলনে দাবি করেন, এবার পানি কম থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাস ধরে দিল্লী ও কলকাতার সঙ্গে কথা বলছিলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় পানি আসতে শুরু করেছে।
কমিটির সভাপতি জানান, তিস্তায় পানির এ প্রবাহ ধরে রাখতে কূটনৈতিক তত্পরতা চলমান রাখার পাশাপাশি সংসদীয় কমিটি সরকারকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এছাড়া তিস্তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে ভারতের সঙ্গে দ্রুত চুক্তি সম্পাদনেরও তাগিদ দিয়েছে কমিটি।
এক প্রশ্নের জবাবে রমেশ চন্দ্র সেন বলেন, বিএনপির লংমার্চের কারণে রাজনৈতিক চাপে ভারত পানি ছেড়ে দিয়েছে, এমন ভাবা ঠিক হবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সফল কূটনৈতিক তত্পরতায় তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। আগামীতে এই পানি প্রবাহ অব্যাহত থাকবে।
তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক ফোরামে যাবে বলে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সে বিষয়ে রমেশ চন্দ্র বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেলে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কারণ, আমাদের সবদিকেই ভারত। আমরা চাই তিস্তার পানিসহ অন্যান্য ইস্যুতে লিয়াজোঁ করে ভারতের কাছ থেকে পাওনা বুঝে নিতে। তিনি জানান, সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে নদীর গতিপথ ঠিক রাখতে সারা বছর ড্রেজিং চালানোর পরামর্শ দেয়া হয়েছে। এজন্য বাজেটে বরাদ্দ বেশি পাওয়ার জন্য তত্পর হতেও মন্ত্রণালয়কে বলা হয়েছে।
কমিটির সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেক, এ কে ফজলুল হক, ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান লিটা বৈঠকে অংশ নেন।
