গার্মেন্টস নিয়ে অপপ্রচার চালালে আইনগত ব্যবস্থা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২২:৪১
গার্মেন্টস শিল্প নিয়ে যারা নেতিবাচক অপপ্রচার চালাবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এক প্রেস বিফিংয়ে এ কথা বলেন। তিনি প্রশ্ন করেন, যারা নিজেদের স্বার্থে গার্মেন্টসের বিরুদ্ধে অপ্রপ্রচার চালাচ্ছেন -একবার ভেবে দেখেছেন কী, কারা ক্ষতিগ্রস্ত হবে? রপ্তানি আয় যদি কমে যায়, তাহলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। মালিকরা কারখানা বন্ধ করে দেবে। লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ অত্যন্ত স্বচ্ছভাবে ব্যয় করা হয়। ত্রাণ তহবিলে দেয়া অর্থ মিডিয়ায় প্রকাশ করা হয়। যারা ত্রাণ তহবিল নিয়ে প্রশ্ন তুলছেন তাদের উচিত মিডিয়ার সঙ্গে যোগাযোগ করা। এ সময় সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ডা. এনামুর রহমান এমপি, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, রানা প্লাজার ঘটনার পর সরকার এ শিল্পে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে অনেক পদক্ষেপ নিয়েছে। দীর্ঘদিন ধরে উদ্ধার কাজ করা হয়েছে। যা বিশ্বের কোথাও হয় না। চিকিত্সা সেবা এখনো চালিয়ে যাওয়া হচ্ছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হয়েছে। কারখানায় কাজের পরিবেশ সৃষ্টি করতে আমরা মালিকপক্ষও ‘জিরো টলারেন্স’ দেখিয়েছি। তারপরও এটা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।