দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় আটজন নিহত ও ৪২ জন আহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
মির্জাপুরে নিহত ২ আহত ২২
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে দুইজন নিহত ও এক পুলিশ অফিসারসহ ২২ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, অজ্ঞাত পরিচয় একজন আব্দুল কাদের (৫৫)। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ও জামুর্কী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, এ,এস,আই আ.খালেক, শাহ আলম, আসাদউল্লাহ ও জাকিরসহ ২২ জন।
মিরসরাইয়ে নিহত ২
চট্টগ্রামের মিরসরাইয়ে গত বুধবার বিকালে সিএনজি-পিকআপ সংর্ঘষে শাহাদাত হোসেন (২৬) ও মো. সাইম (২৪) নামে দুইজন নিহত ও মাওলানা আবু বকর নামে একজন গুরুতর আহত হন। আহত আবু বকরকে প্রথমে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্গাপুরে বন্য হাতির পায়ে
পিষ্ট হয়ে নিহত ২
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গারো পাহাড়ে বৃহস্পতিবার ভোরে একটি বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে চকলেঙ্গুরা গ্রামের মো. তাহের উদ্দিন (৭০) এবং শিবু পান্ডে (৪০) নামে দুইজন নিহত এবং গীতা রানী দে, আ. রহিম নামে দুইজন আহত হন। আহতদের ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের নির্দেশে পুলিশ হাতিটিকে গুলি করে হত্যা করে।
সুজানগরে স্কুল
ছাত্র নিহত
পাবনার সুজানগর-কাজীরহাট সড়কের রামনগর এলাকায় গত বুধবার বিকালে ট্রাকের চাপায় আলামীন হোসেন (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে উক্ত রামনগর গ্রামের মনসুর আলমের ছেলে এবং রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। এ ব্যাপারে সুজানগর থানায় একটি অভিযোগ করা হয়েছে। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ঘাতকচালকসহ ট্রাকটি আটক করেছে।
নেত্রকোনায় নিহত ১
নেত্রকোনা-কলমাকান্দা সড়কের বাউসী এলাকায় গত বুধবার বিকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে মামুন (২০) নামে বাসের হেলপার নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের নেত্রকোনাও ময়মসসিংহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
