পার্বতীপুর রেল ইয়ার্ডে ফিটিংস মেটালিসটিক রাবার ইউনিটের অভাবে ৪০ কোটি টাকা মূল্যের ১১৭টি বিজি ওয়াগন ১৯ বছর থেকে অচল হয়ে পড়ে আছে। বছরের পর বছর পড়ে থাকায় মরিচা ধরে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খুলনা, রাজশাহী, রাজবাড়ী, ঈশ্বরদী, সান্তাহার থেকে এসব ওয়াগন পাঠানো হয় পার্বতীপুর রেল ইয়ার্ডের ওয়াগন ডিপোতে। এরপর পার্শ্ববর্তী সৈয়দপুর কারখানায় মেরামতের জন্য এগুলো পাঠানো হয়। কিন্তু ১৯ বছর থেকে মেরামতের অপেক্ষায় পার্বতীপুর রেল ইয়ার্ডে পড়ে থাকা ১১৭টি ব্রডগেজ ওয়াগন মেরামতে আজো কোন পদক্ষেপ নেয়া হয়নি। এমনকি কবে নাগাদ এগুলো সচল হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, ৭ বছর আগে ভারত থেকে ফিটিংস আমদানি করা হলেও পরবর্তীতে অল্প কিছুদিনের মধ্যেই সেগুলো অকেজো হয়ে পড়ে। আবার ইংল্যান্ড থেকে আমদানি করেও একই ফলাফল পাওয়া যায়। তারপর থেকে মেরামতের আর কোন উদ্যোগ নেয়া হয়নি। গুণগতমান যাচাই না করে তাড়াহুড়ো করে এসব নিম্নমানের ফিটিংস আমদানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্যারেজ এন্ড ওয়াগন বিভাগের দায়িত্বরত কর্মকর্তা সহকারী ইঞ্জিনিয়ার সাইদুর রহমান ও উপ-সহকারী ইঞ্জিনিয়ার এস এম গোলজার হোসেন বলেন, কবে নাগাদ ওয়াগনগুলো সচল হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
