সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:২০
নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর-বিশ্ববিদ্যালয় সড়ক সংস্কারের দাবিতে গত বুধবার দুপুরে মানববন্ধন করে। জেলা শহরের সোনাপুর জিরো পয়েন্টে এ মানববন্ধনে শিক্ষার্থীরা আগমী এক সপ্তাহের মধ্যে দীর্ঘদিনের ভাঙ্গাচুরা ও চলাচলের অযোগ্য সড়কটি সংস্কার করতে আল্টিমেটাম দেয়। অন্যথায় তারা বৃহত্ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানায়। জানা যায়, সড়কটি এলজিইডির। এ বিষয়ে এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবিএম নাজমুল করিম জানিয়েছেন, সড়কটি বিশ্বব্যাংককের অর্থায়নের একটি প্রকল্প। ইতিমধ্যে এই কাজের টেন্ডার করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার সময়ের সিদ্ধান্ত নেয়া হবে। সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছ থেকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমানের কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শফিউর রহমান গত বুধবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছেন। শফিউর রহমান জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রভাষক আমিনুর রহমানের নেতৃত্বে পাপ্পু, বাপ্পীসহ কয়েকজন দুর্বৃত্ত কলেজ চলাকালীন সময়ে তার কক্ষে প্রবেশ করে তাকে জিম্মি করে ফেলে। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক পদত্যাগপত্রে ফিল্মি ষ্টাইলে স্বাক্ষর করিয়ে নেয়া হয়। সাতকানিয়ায় অস্ত্রসহ ৪ শিবির ক্যাডার গ্রেফতার সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ গত বুধবার বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সাতকানিয়া থানার এসআই, ফজলুল হক, তারেক হোসেন, এএসআই ইয়ামিন সুমন ও আনসারুল হকের নেতৃত্বে উপজেলার কাঞ্চনা চুড়ামনি পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৪ শিবির ক্যাডারকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি দো’নালা বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হল দেলোয়ার হোসেন (২৮), মো. ইব্রাহীম (২২), সাহাদাত্ হোসেন (২৩) ও নাসির উদ্দিন (৩২)। সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ মো. খালেদ হোসেন জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। গোদাগাড়ীতে মন্দিরে হামলায় ১০ জন আহত গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা \ রাজশাহীর গোদাগাড়ীতে মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এতে করে ১০ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার প্রেমতলী শিবতলা খোলা মন্দিরে কীর্তন করছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় ২০/২৫ জনের সন্ত্রাসী দল লাঠি ও রড নিয়ে কীর্তনে অংশ নেয়া লোকজনের উপর হামলা চালায়। এদের মধ্যে সাগরকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মন্দিরের সাধারণ সম্পাদক প্রশান্ত পাল বাদি হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে প্রেমতলী গ্রামের রইজুদ্দিনের ছেলে আশরাফুল ইয়াসিন আলীর ছেলে ছবি, অধিরের ছেলে রাহুল, সানাউল্লাহ্ এর ছেলে বাবু, মুর্শেদ আলীর ছেলে জুয়েল, আফসার আলী ছেলে সেন্টুকে। রায়গঞ্জে প্রতিবন্ধীদের মতবিনিময় সভা রায়গঞ্জে (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে ইউনিয়ন পরিষদের ২০১৪-২০১৫ অর্থ বছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে এডিডি ইন্টারন্যাশনালের সহযোগিতায় স্পন্দন প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও জীবন সংগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন স্পন্দনের উপজেলা শাখা সভাপতি উজ্জ্বল কুমার সরকার। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী আরিফা পারভীন, ইউপি সদস্য রহমতুল বারী দুলাল, জহুরুল ইসলাম, বিশ্বনাথ ঘোষ প্রমুখ। চাটখিলে পাঁচ মুক্তিযোদ্ধার মৃত্যুতে স্মরণসভা ও মিলাদ চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা মিরনসহ ৫জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার মৃত্যুতে গত বুধবার বিকেলে দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যবসায়ী (সিআইপি) ফরিদ আহাম্মেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোঃ হাসান, মোঃ হোসেন, কাজী ফারুক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হানিফ, নূর মোহাম্মদ মাষ্টার প্রমুখ। মীর্জাগঞ্জে ব্র্যাকের শস্য কর্তন অনুষ্ঠান মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার ব্র্যাক মীর্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে সূর্যমুখী হাইসান-৩৩ শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীন উত্পাদিত এই শস্য কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমড়াগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুলতান আহমেদ। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা চেয়ারম্যান গাজী আতাহার উদ্দিন আহমেদ এবং ইউএনও মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আবদুল মান্নান ও ব্র্যাক উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম খান প্রমুখ। নড়িয়ায় ডিজিটাল মেলা অনুষ্ঠিত নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা \ শরীয়তপুরের নড়িয়া উপজেলায় গত বুধবার রাত ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে জেলা প্রসাশক রাম চন্দ্র দাস মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক ও পৌর মেয়র হায়দার আলী। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন জয়পুরহাট প্রতিনিধি \ ঢাকা মিটফোর্ড ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্নী ডাক্তারদের হামলায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে জয়পুরহাটে সাংবাদিকরা মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি নৃপেন্দ্রনাথ মন্ডল, শাহজাহান সিরাজ মিঠু, মাজেদ রহমান, আবু বক্কর সিদ্দিক, এস এম মাহমুদুল হক দুলালসহ অন্যরা। বক্তাগণ হামলাকারী ডাক্তারদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। শালিখাতে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ শালিখা (মাগুরা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার শালিখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড: শ্রী বীরেণ শিকদার এমপি। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন টুকু, ভাইস চেয়ারম্যান ইব্রাহীম আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা আক্তারসহ ৭ ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দপুরে ভাসমান লোক গণনাকারীদের প্রশিক্ষণ সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিসংখ্যান ব্যুরোর অধীনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় সারাদেশে বস্তি শুমারী ও ভাসমান লোক গণনা ২০১৪ কাজ আগামী ২৫ এপ্রিল শুরু হবে। ২৫ এপ্রিল থেকে ২ মে ৮দিনব্যাপী চলবে এই জরিপের কাজ। নীলফামারীর সৈয়দপুরে মোট ৩৮ জনকে প্রশিক্ষণ দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান অফিসের জোনাল অফিসার আরশাদ আলী, উপজেলা পরিসংখ্যান অফিসের জেএসসি মেহের কুমার রায় ও উপজেলা পরিসংখ্যান অফিসের রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। বিরামপুরে শিশু সুরক্ষায় কর্মশালা বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ শিশু সুরক্ষায় নাগরিক সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে বিরামপুর আর্মি কমিউনিটি সেন্টারে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কর্মশালা হয়েছে। এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও ডেভেলপ দ্য ভিলেজ (ডিভি)’র যৌথ আয়োজনে কর্মশালায় উপজেলার সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ধর্মীয় কমিউনিটি প্রধান, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এডিপি ম্যানেজার লিটন মন্ডলের সভাপতিত্বে ও ডিভির নির্বাহী পরিচালক এ্যাড. মোরশেদ মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী নেতা এ্যাড. মওলা বক্স, উপজেলা সমাজ সেবা অফিসার ময়নুল হক, অধ্যক্ষ ফরহাদ হোসেন, অধ্যক্ষ শিশির কুমার সরকার, শিশু চিকিত্সক ডাঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় মসজিদের খতিব মাওঃ আনিছুর রহমান প্রমুখ। ঈশ্বরদীতে ফার্মার অ্যাসোসিয়েশনের সভা ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ গত বুধবার বাংলাদেশ ফার্মার এসোসিয়েশন ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাষ্ট্রপতি কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক শাহজাহান আলী ওরফে পেঁপে বাদশা। ঈশ্বরদী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ¬বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক জাহিদুল ইসলাম ওরফে গাজর জাহিদ, কৃষক আমজাদ হোসেন মালিথা, আবু সাঈদ, আলম প্রামাণিক, ইসমাইল হোসেন, সেলিম বিশ্বাস, পেয়ারা আমজাদ, মুর্শিদা বেগম, মঈনুল হক প্রমুখ। চাটখিলে বিদ্যালয়ের ভবন উদ্বোধন চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের দক্ষিণ দেলিয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের গত বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ জাহাঙ্গীর আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী শেখ মাহাফুজ হোসেন, শিক্ষা অফিসার জিহাদ হোসেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা চিত্ত রঞ্জন দাস, যুবলীগ নেতা মাকসুদুর রহমান শিপন প্রমুখ। কিশোরগঞ্জে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংগঠন ফ্যামিলি টাইস আয়োজিত পুষ্টি বিষয়ক কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু খালেদ পাঠান, চিত্রশিল্পী এম এ কাইয়ূম, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ। বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ঝিনাইগাতী বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা \ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয়। দিনটি উপলক্ষে র্যাসডোর উদ্যোগে সকালে এক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইগাতী হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ভবিষ্যতে বিনিয়োগ কমবে ম্যালেরিয়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, আর,এম,ও ডাঃ মোবারক হোসেন, জাহাঙ্গীর, সামেদুল প্রমুখ। কটিয়াদী উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, পৌরমেয়র, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহাব আইন উদ্দিন, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল ও মহিলা ভাইস চেয়ারম্যান সাথী বেগমের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড, জিল্লুর রহমান। ইউএনও ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে আলোচনায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়িতে ডাকাতি দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা \ গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ও আমিরাবাদের মাঝখানে এক ব্যবসায়ীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাজেদুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ জেলার একে এম শাহিদুজ্জামান নিজস্ব প্রাইভেটকারযোগে কুমিল্লায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দাউদকান্দি উপজেলার জিংলাতলী ব্রিজের নিকটে গাড়িটির চাকা পাংচার হলে চাকা লাগানোর সময় হঠাত্ অস্ত্রধারী একদল ডাকাত ব্যবসায়িকে হাত-পা বেঁধে তার লাইন্সেস করা পিস্তল, নগদ টাকা এবং মালামাল লুট করে নিয়ে যায়। এসময় টহল পুলিশ ব্যবসায়িকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। একে এম শাহিদুজ্জামান দাউদকান্দি থানায় মামলা দায়ের করেছেন। নাজিরপুর উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে সমাবেশ পিরোজপুর অফিস \ জেলার নাজিরপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি নজরুল ইসলাম খানের জামিন নামঞ্জুর করে জেলা হাজতে আটক রাখার প্রতিবাদে নাজিরপুর বিএনপি সংবাদ সম্মেলন করেছে। গত বুধবার পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নজরুল ইসলামের মুক্তি দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য রেজাউল করিম লিটন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা এডভোকেট শওকত হোসেন অপু, উপজেলা বিএনপি’র সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাদল, উপজেলা শ্রমিক দল নেতা সরদার মনিরুজ্জামান, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সুজন। মুরাদনগরে দুর্বৃত্তদের শাস্তির দাবিতে মানববন্ধন মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর বাজারে দুর্বৃৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার সকালে ওই এলাকার সকল শ্রেণি-পেশার লোকজন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। তারা অনতিবিলম্বে ওই গ্রামের ঘরজামাই এবং দুর্বৃৃত্ত মৃত আম্বর আলীর ছেলে নসু মিয়া, তার পুত্র ওয়াসিম, মহসীন ও রফিক মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী হাবিবুর রহমান মাস্টার, জাফর আহাম্মদ ভুঁইয়া, রফিকুল ইসলাম আর.আই, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, আব্দুস ছালাম ভুঁইয়া, রফিকুল ইসলাম, শিক্ষক নেতা আবু কাউছার ভুঁইয়া, যুবদল নেতা মির্জা মনিরুল হক, হুমায়ুন সওদাগর, নাছির উদ্দিন ভুঁইয়া প্রমুখ। জিয়ানগরে সাঈদীর পুত্রের উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজ পুত্র মাসুদ সাঈদী। গত বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন। এ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমান, বিদায়ী উপজেলা চেয়ারম্যান ইকরামুল কবির মজনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা বেগম, ওসি কামরুজ্জামান তালুকদার, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, আসাদুল কবির তালুকদার, শাহ আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। লালপুরে খাল থেকে নবজাতক উদ্ধার লালপুর (নাটোর) সংবাদদাতা \ নাটোরের লালপুর উপজেলার ইসলামপুর গ্রামের একটি খাল থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। জানা যায়, কেশবপুর মহল্লার পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন গকুল জমির ফসল দেখার জন্য গত বুধবার দুপুরে পার্শ্ববর্তী ইসলামপুর মাঠে যায়। জমি দেখার এক পর্যায়ে জমির আইলে খালের নিকট আসলে শিশুর কান্নার শব্দ শুনতে পান। তিনি প্রথমে নবজাতকের পা দেখে আশেপাশের লোকজনকে ডেকে ব্যাগটি খুলে সদ্য প্রসবকৃত শিশু পুত্রটিকে উদ্ধার করে আলম ফকিরের স্ত্রী মিলির কাছে দেন। তিনি শিশুটির নাড়ি কেটে চিকিত্সা দিয়ে নিজের হেফাজতে রাখেন। মোয়াজ্জেম হোসেন গকুল জানান, নবজাতকটি একটি ছেলে সন্তান। নান্দাইলে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মাজহারুল হক ফকিরের বিরুদ্ধে সংসদের ব্যাংক হিসেব থেকে গোপনে অর্থ সরিয়ে ফেলার অভিযোগ করেছেন সাধারণ মুক্তিযোদ্ধারা। গত বুধবার সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের আরেক সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভূঁইয়া বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা সুজয় কুমার দে, বীর মুক্তিযোদ্ধা মো. সাহেব আলী ভুঁইয়া প্রমুখ। সাংবাদিক নির্যাতনে মানিকগঞ্জে মানববন্ধন সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে। মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস , বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ শাখার সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, মানবেন্দ্র চক্রবর্তী ,রামপ্রসাদ দিপু, আ্বদুল মোমিন প্রমুখ। কালীগঞ্জে উন্নয়ন মিত্রদের নিয়ে আলোচনা সভা কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ ‘‘সহযোগিতা, ত্যাগ ও দান আনে ন্যায্যতা, শান্তি ও সম্মান’’ প্রতিপাদ্যে ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উন্নয়ন মিত্রদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কারিতাস দরিদ্র উন্নয়ন প্রকল্পের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার। কারিতাস কালীগঞ্জ শাখার মাঠ কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আমির হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বাক্কু, বাহাদুরসাদী ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, নাগরী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজ মোড়ল, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক প্রমুখ। মৌলভীবাজারে ব্র্যাকের নিরাপদ সড়ক বিষয়ক সভা মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার “নিরাপদ সড়ক আমাদের অধিকার, বাস্তবায়নে চাই অঙ্গীকার”স্লোগান নিয়ে মৌলভীবাজার সড়ক নিরাপত্তায় গণমাধ্যম বিষয়ে এক মতবিনিময় সভা ব্র্যাকের আয়োজনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভা পরিচালনায় ছিলেন প্রেসক্লাব সাধারণ সমপাদক এস,এম উমেদ আলী। এতে বক্তব্য রাখেন ব্র্যাক প্রতিনিধি আরিফুর রহমান। এতে সড়ক দুর্ঘটনা সমপর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ প্রোগ্রামের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ সুবর্ণ দাউদ তোহা। মত বিনিময় সভায় বক্তব্য দেন- ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ প্রোগ্রামের ব্যবস্থাপক মশিউর রহমান, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আকমল হোসেন নিপু, এড. রাধাপদ দেব সজল প্রমুখ।