নবাবগঞ্জে বান্দুরা সড়কে দুর্বৃত্তদের হামলায় দুইজন নিহত

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:২৪

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন: শেখ কালাম (৫২) ও জাহিদুল ইসলাম (৪৩) । বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-বান্দুরা সড়ক উপজেলার পুরাতন বান্দুরা চক এলাকার পল্লী বিদ্যুতের পারহাউজের সামনে এ ঘটনা ঘটে। নিহত শেখ কালাম উপজেলার গালিমপুর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের শেখ কদম আলীর ছেলে ও জাহিদুল ইসলাম একই গ্রামের মৃত মো. ফৌজদার খানের ছেলে।

স্থানীয় ও জাহিদের বন্ধুরা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাহিদ মোটরসাইকেলযোগে কালামকে নিয়ে দেওতলা এলাকায় ফকির বাড়িতে বেড়াতে যায়। রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে পুরাতন বান্দুরা চক এলাকার পারহাউজের সামনে আসলে  রাস্তায় কলাগাছ ফেলানো দেখতে পায়। এসময় জাহিদ মোটরসাইকেলের গতি কমিয়ে দেন এবং রাস্তায় তিন ব্যক্তিকে দেখতে পান। তাত্ক্ষণিক দুর্বৃত্তরা জাহিদের পিছনে বসা কালামের গলায় ধারালো অস্ত্র দিয়ে  কোপ দেয়, কালাম মাটিতে পড়ে যায়। জাহিদ মোটরসাইকেল নিয়ে একটু এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাকেও লাঠির আঘাত করে। এসময়  সে ডাক-চিত্কার দিলে তারা পালিয়ে যায়। এরপর জাহিদ তার বন্ধু খোকনকে মোবাইলে ফোন দিয়ে বিষয়টি জানালে খোকন পুলিশকে জানায়। পুলিশের সহযোগিতায় জাহিদের বন্ধুরা ঘটনাস্থল থেকে আহত কালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক জানান তিনি আগেই মারা গেছেন। 

এদিকে জাহিদ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কালামের মৃত সংবাদ পেয়ে বুকে ব্যথা অনুভব করেন এবং হূদরোগে আক্রান্ত হয়ে পড়ে। তাত্ক্ষণিক তার অবস্থার অবনতি হলে চিকিত্সক তাকে ঢাকা হূদরোগ ইন্সটিটিউটে পাঠান।  হাসপাতালে নেয়ার পথেই জাহিদ মারা যান।