৪১ -এ টেন্ডুলকার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২২:১১
বিশ্ববিখ্যাত মনস্তত্ত্ববিদ ওয়াল্টার পিটিকিন বলেছিলেন—লাইফ বিগিনস অ্যাট ফরটি। সে হিসেবে মাত্রই জীবনপথে যাত্রা শুরু করলেন শচীন রমেশ টেন্ডুলকার! গতকাল ২৪ এপ্রিল পালন করে ফেললেন ৪১তম জন্মদিন। ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান কখনোই খুব ঢাকঢোল পিটিয়ে জন্মদিন করেন না। এবারও তেমন কিছু করলেন না। ঘরোয়া পরিবেশে, নিতান্ত ঘনিষ্ঠদের সঙ্গে কাটালেন জীবনের গুরুত্বপূর্ণ এই দিনটা। তবে স্মরণকালের মধ্যে এই জন্মদিনটা অবশ্যই ভারতীয় এই কিংবদন্তীর জন্য বিশেষ রকমের আলাদা কিছু। বলা যায়, বড় হয়ে ওঠার পর এই প্রথম ক্রিকেট দলের সঙ্গে নয়, একেবারেই পরিবারের একজন হিসেবে জন্মদিন পালন করলেন টেন্ডুলকার। কারণ, এখন যে তিনি আর ক্রিকেটার নয়। গতবছরের নভেম্বরে, নিজের শহরে মুম্বাইতেই ২০০তম টেস্ট খেলে বিদায় নিয়েছেন সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। খেলা থেকে বিদায় নেয়ার পর প্রথম কয়েকটা মাস একেবারেই ক্রিকেট থেকে দূরে ছিলেন। জঙ্গলে বেড়িয়েছেন, মন্দির ঘুরেছেন, অবকাশযাপন কেন্দ্রে গিয়ে শরীর এলিয়ে দিয়েছেন, সাংসদ হিসেবে কাজ করেছেন, জীবনের সেরা অর্জন ভারতরত্ন গ্রহণ করেছেন, গলফ খেলেছেন; এমন বহুবিধ অবসর কাজে ব্যস্ত রেখেছেন নিজেকে। এর মধ্যে ফুটবল লিগে দল কিনেছেন; সেটা নিয়েও ব্যস্ত সময় কাটিয়েছেন। কিন্তু আর পারেননি। অবশেষে আবার আইপিএল দিয়েই চিরচেনা মাঠে ফিরে এসেছেন ২৪টি বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় টেন্ডুলকার। না, এবার আর খেলোয়াড় হিসেবে ফেরেননি ওয়ানডে ও টেস্টের সর্বাধিক রান-সেঞ্চুরির এই মালিক। এবার ফিরেছেন নিজের পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ানসের ‘মেন্টর’ হিসেবে। গত কিছুদিন ধরে আবুধাবিতে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের একেবারে মাঠে নেমে, হাতে-কলমে ব্যাটিং নিয়ে কাজ করছিলেন। আর এখান থেকেই একটু সংগোপনে উড়ে এসেছেন মুম্বাইতে। পরিষ্কার করে ভারতের কোনো সংবাদ মাধ্যমই বলতে পারছে না, ঠিক কবে শহরে ফিরে এসেছেন টেন্ডুলকার। এতেই বোঝা যায়, একটু নিজস্ব অঙ্গনেই এবারের জন্মদিনটাকে রাখতে চেয়েছেন টেন্ডুলকার।