আসন্ন বিশ্বকাপে ট্রফি জয়ের লড়াইয়ে ফেবারিটের মর্যাদা পাচ্ছে ইংল্যান্ড ও ভারত। বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ফেবারিটের তকমা বিশ্বকাপ এনে দিবে না ইংল্যান্ড, ভারতকে। খেলা হবে মাঠে, কাগজে-কলমে নয়। তবে এবার বাংলাদেশেরও বিশ্বকাপ জয়ের দারুণ সুযোগ দেখছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ভারতের ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া সাক্ষাত্কারে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে সাকিব বলেছেন, ‘আমি মনে করি এইবার সত্যিই টুর্নামেন্ট জেতার সুযোগ আছে। টুর্নামেন্টের ফরম্যাট মাথায় রেখে আমাদের অবশ্যই ধারাবাহিকভাবে খেলতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমরা নকআউটে উঠবো এবং সেখান থেকে আরো সামনে যেতে পারবো। এবার আমরা ভালো কিছু করবো আমি বিশ্বাস করি।’
সম্প্রতি নিজেদের ইতিহাসে প্রথমবার ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে এই ট্রফি জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগাতে চান সাকিব। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে অবশ্যই আমি চাই যে বাংলাদেশ এইবার ট্রফি জিতুক। কিন্তু এই স্বপ্ন বাস্তব করতে অনেকগুলো ব্যাপার একসঙ্গে কাজে লাগাতে হবে।’
বিশ্বকাপে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে কিছুটা চিন্তিত এই বাঁহাতি অলরাউন্ডার। তবে অভিজ্ঞতা, আত্মবিশ্বাস দিয়ে সেই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব মনে করেন সাকিব। তিনি বলেছেন, ‘আমি মনে করি আমাদের খুব ভালো দল আছে। আমি বোলিং নিয়ে একটু চিন্তিত, নতুন বল ও ডেথ বল নিয়ে। কিন্তু আমি খুব আশাবাদী। আমাদের অভিজ্ঞতা আছে, তিন থেকে চারটি বিশ্বকাপ খেলেছে এমন খেলোয়াড় আছে। শুরুতেই আমাদের ভালো করতে হবে। আমি আত্মবিশ্বাসী, যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে। এই সময়ে ধারাবাহিকতাটা জরুরি।’
ভারত, ইংল্যান্ড ফেবারিট হলেও বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেছেন, ‘ভারত, ইংল্যান্ড স্পষ্টতই ফেবারিট। কিন্তু এটা আপনাকে ট্রফি এনে দিবে না। ২২ গজে আপনাকে দুর্দান্ত হতে হবে বিশ্বকাপ জিততে গেলে। অস্ট্রেলিয়া সম্প্রতি ভালো করছে, ওয়েস্ট ইন্ডিজও ভালো অবস্থানে এসেছে। সত্যি বলতে, প্রতিটি দলই লড়াইয়ের জন্য প্রস্তুত মনে হচ্ছে। নির্ভর করছে নির্দিষ্ট দিনে কে ভালো করে।’
