মোবারক মাহে রমজান

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:৩৮

অধ্যাপক হাসান আবদুল কাইয়ূম

আজ ১৯ রমজান। রমজান মাস মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক সমান্তরালে দণ্ডায়মান হবার মাস। আত্ম অনুভবে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করবার মাস, কলহ-বিবাদ বর্জিত একটা শান্তির দুনিয়া গড়বার মাস। হাদিস শরীফে এই মাসকে সহমর্মিতার মাস বলা হয়েছে। যেসব কারণে মানব চরিত্র বিনষ্ট হয় তার মধ্যে অন্যতম হচ্ছে গীবত বা পরনিন্দা। গীবত এক জঘন্যতম অপরাধ। এই অপরাধ কর্ম হতে যে ব্যক্তি আত্মরক্ষা  করতে পারে সে অবশ্যই মানবতার মহা সড়কে বিচরণ করতে সমর্থ হয়।

কুরআন মজীদে ইরশাদ হয়েছে: ওহে তোমরা যারা ইমান এনেছো! তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থেকো, কেননা কোনো কোনো অনুমান পাপ এবং তোমরা একজন অন্য একজনের গোপনীয় বিষয়ের সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশ্ত ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরাতো এটা ঘৃণ্যই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী, পরম দয়ালু (সূরা হুজুরাত: আয়াত-১২)। গবীত বা পরনিন্দা ব্যভিচারের চেয়েও মারাত্মক পাপের। হাদিস শরীফে আছে :গীবত ব্যভিচার হতেও মারাত্মক, কারণ তওবা করলে ব্যভিচারের পাপ মাফ হয়ে যেতে পারে কিন্তু যার গীবত করা হয়েছে, সে যদি মাফ না করে তবে আল্লাহ গীবতের পাপ মাফ করবেন না।