লক্ষ্মীপুরে ২০টি বিতর্কিত স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫২
জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় গত বৃহস্পতিবার লক্ষ্মীপুর প্রেসক্লাব মার্কেটসহ ২০টি বিতর্কিত ব্যবসায়িক প্রতিষ্ঠান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমের নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযানের নামে এসব স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রায় অর্ধকোটি টাকাসহ ক্ষতিগ্রস্তদের প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। লক্ষ্মীপুর সওজ বিভাগ জানায়, জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় সড়ক ও জনপথ বিভাগের পতিত জমিতে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা গড়ে তুলে সরকার দলীয় লোকজন ও স্থানীয় প্রভাবশালীরা। এসব দখলদারদের মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও উক্ত দখলদাররা তা আমলে নেয়নি বলে জানান সওজ বিভাগ কর্তৃপক্ষ। এদিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের ১১টি দোকানের জমির মালিকানা নিয়ে লক্ষ্মীপুর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্ররোচনায় দোকানগুলো গুঁড়িয়ে দেয়া হয় বলে জানান ক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল। এতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি সাধন হয় বলে জানান তিনি । লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একে এম টিপু সুলতান জানান, প্রেসক্লাবের মূল স্থাপনা রেখে অবৈধগুলো ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া এ ব্যাপারে রাজনৈতিক দলের চাপও রয়েছে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।