চট্টগ্রামে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন ডিএনএ বিশেষজ্ঞ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. মাহবুব হাসান। সমন জারির পরও আদালতে হাজির না হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারি ডা. মো. মাহমুদ হাসানসহ চার চিকিত্সকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছিল। গত বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মুজিবুর রহমানের আদালতে মাহবুব হাসান সাক্ষ্য দেন। আগামী ৪ মে মামলার পরবর্তী তারিখে পুনরায় আদালতে মাহবুব হাসানের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। উল্লেখ্য, ২০১২ সালের ২৩ অক্টোবর বিকালে নগরীর পাঁচলাইশ থানাধীন খতিবের হাট এলাকার একটি বাসার পঞ্চমতলায় খুন হন ডলি আক্তার (৩০), তার ছেলে আলভী (১০) ও মেয়ে আদিবা পায়েল (৬)। হত্যাকারী সন্দেহে পুলিশ ঘটনার দু’দিন পর গৃহশিক্ষক তারেক চৌধুরীকে (২০) গ্রেফতার করে। ২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি তারেককে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল এবং ৩ এপ্রিল অভিযোগ গঠিত হয়। চাঞ্চল্যকর এ মামলায় ৫৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত বাদীসহ ১৭ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
