“ঝগড়া নয় শান্তি চাই” এ আহবানে নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষাতে বৃহস্পতিবার শান্তি মিছিল করা হয়েছে। এতে হাজার হাজার শিক্ষার্থী ও স্কুলের শিক্ষকসহ স্থানীয় সচেতন মহল অংশগ্রহণ করেন। মৌন মিছিলটি নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে নিলক্ষার ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সব্দর আলী খান উচ্চ বিদ্যালয়ে গিয়ে মিলিত হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মালেক, সব্দর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জসিম উদ্দিন, নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক শফিউল আলম বাচ্চু, সিনিয়র শিক্ষক মোঃ শাহাবুদ্দিন রেনু, সব্দর আলী খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ সামসুল হক, বিএসসি শিক্ষক মোঃ বিল্লাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা “ঝগড়া নয় শান্তি চাই” এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল বিবাদ ভুলে মানুষের জান-মালের কথা চিন্তা করে টেঁটাযুদ্ধের মতো সব বর্বরোচিত পথ পরিহার করার আহ্বান জানান।
