দেশের বিভিন্ন স্থানে পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে, খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
স্বরূপকাঠিতে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন
পিরোজপুরের স্বরূপকাঠিতে নেশার টাকা না পেয়ে নিজ বসতঘর আগুনে পুড়ে দিয়েছে মিজানুর রহমান নামে এক মাদকাসক্ত। অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি এলাকায়। জানা গেছে, মাদকাসক্ত মিজান নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া-বিবাদ করতো। নেশার টাকা না পেয়ে বৃহস্পতিবার নিজ ঘরে আগুন লাগিয়ে দেয়। এলাকাবাসি ও স্বরূপকাঠি ফায়ার সার্ভিস অকুস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জে পুড়ে গেছে ৬টি ঘর
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। মুজিবুর রহমানের দু’টি ঘর, নাসির উদ্দিনের দু’টি ঘর, মতিউর রহমানের একটি ঘর, মরণ ব্যাপারীর একটি ঘর এবং রুহুল আমিনের একটি ঘর ও একটি দোকান ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্তদের হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা।
ছাগলনাইয়ায় খড়ের গাদায় অগ্নিসংযোগ
ফেনির ছাগলনাইয়া পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে আফতাব উদ্দিন মজুমদার বাড়িতে বৃহস্পতিবার ফয়েজ আহাম্মদ প্রকাশ ছুট্রো মৌলভীর ২টি খড়ের গাদা জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দুর্বৃত্তরা উত্তর হরিপুর গ্রামে আফতাব উদ্দিন মজুমদার বাড়ির ফয়েজ আহাম্মদ প্রকাশ ছুট্রো মৌলভীর খড়ের গাদায় আগুন লাগিয়ে দিলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে ২টি খড়ের গাদা সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
দেওয়ানগঞ্জে ২০টি ঘর ভস্মীভূত
জামালপুরে দেওয়ানগঞ্জে অগ্নিকাণ্ডে ২০টি বাড়ি-ঘর পুড়ে ছাই হয়েছে, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের যমুনা তীরবর্তী চরাঞ্চল দক্ষিণ ডাকাতিয়া পাড়া গ্রামে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হান্নান মাস্টারের বাড়িসহ ২০টি বাড়ি-ঘর কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়। বাড়িতে ভূট্টা গম ধান শুকনো মরিচ বোঝাই ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে বলে ক্ষতিগ্রস্তরা জানান। আগুন নিভাতে গিয়ে বিভিন্ন বয়সের ১৫ জন আহত হয়েছে।
কাহারোলে ৩০টি দোকানে অগ্নিকাণ্ড
দিনাজপুরের কাহারোল উপজেলা জয়নন্দ বাজারের বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ৩০ দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেতাবগঞ্জ উপজেলা ও পীরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৩০টি দোকানে ক্ষতির পরিমাণ কোটি টাকার উপরে বলে দোকান মালিকগণ জানান।
ভাঙ্গায় পুড়ে গেছে ৯টি ঘর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি গ্রামে বৃহস্পতিবার হিন্দুপাড়ায় অগ্নিকাণ্ড ঘটে। এতে ৯টি বসতঘর, ৪শ’ মণ পেঁয়াজ, আসবাবপত্র, নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ঝলসে দূূর্গা রানী বিশ্বাস (৪০) নামে এক মহিলা নিহত হয়।
