কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:৩৯

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন ওরফে কালা জাকির (৩৫) নামে তালিকাভুক্ত এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ২টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ সংলগ্ন গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। কালা জাকির কুমিল্লা নগরীর শাসনগাছার সুলতান আহম্মদের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে কুমিল্লায় গত ২৩ এপ্রিল থেকে এক মাসে ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছে।   

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আবু সালাম মিয়া জানান, কালা জাকিরকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় কালা জাকির ও তার সহযোগীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এতে মাদক ব্যবসায়ী জাকির গুলিবিদ্ধ হয়ে আহত হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি এলজি, গুলি ও ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জাকিরের বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে।