যাত্রাবাড়ীতে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

আপডেট : ২৪ মে ২০১৯, ২২:৪১

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি ও সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর নেতা জাহিদুল ইসলাম ওরফে জাহিদকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার যাত্রাবাড়ীর বিবির বাগিচা ১ নম্বর গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে সরকার বিরোধী লিফলেট, পোস্টার, একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও উগ্র মতাদর্শের বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতার জাহিদ হিযবুত তাহরীরের ঢাকা মহানগর পূর্ব শাখার দাওয়াহ বিভাগের প্রধান ও মিডিয়া শাখার অন্যতম সদস্য।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মাহিদুজ্জামান বলেন, গত ৯ মে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা থেকে হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ রিয়াজ উদ্দীনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জাহিদকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ১ নম্বর গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জাহিদ ২০০৫ সালে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক পাস করেন। ২০০৯ সালে মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের উত্তরা ও ধানমন্ডি শাখায় এবং ২০১৪-২০১৫ সালে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষকতা করেছেন। জাহিদ যাত্রাবাড়ীতে আলফ্রেড ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে কর্মরত ছিলেন। বুয়েটে পড়ার সময় জাহিদ ২০০৫ সালে হিযবুত তাহরীরের সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত হন। ২০০৯ সালে ১৫ অক্টোবর দলটি নিষিদ্ধ হওয়ার পর থেকে ১০ বছর ধরে জাহিদ রাজধানীর নানা এলাকায় সংগঠনটির দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। প্রাথমিক জিঞ্জাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে।