খুলনায় বিএনপি নেতাসহ দু’জনকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে ও বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা হচ্ছেন- বিএনপি নেতা মেজবাহ উদ্দিন শেখ ওরফে মুক্ত (৪২) ও ব্যবসায়ী রফিকুল ইসলাম দপ্তরী (৪৮)। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিএনপি নেতা মেজবাহউদ্দিন শেখ গতকাল শুক্রবার ভোরে প্রাতঃভ্রমণে বের হন। সকাল পৌঁনে ৭টার দিকে তিনি নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের বড় মসজিদ সংলগ্ন স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার পিঠে গুলি করে পালিয়ে যায়। তিনি সড়কের ওপর লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় দুপুরে তাকে ঢাকায় পাঠানো হয়। গুলিবিদ্ধ মেজবাহ বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও একজন ঘের ব্যবসায়ী। তিনি স্থানীয় প্রসাদনগর গ্রামের আনোয়ার হোসেন মাস্টারের ছেলে। খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়া বড়খালপাড়স্থ বায়তুল আমান মসজিদ রোডের নিজ বাড়িতে তিনি বসবাস করেন। এ ব্যাপারে খুলনার ওসি সুকুমার বিশ্বাস বলেন, গ্রামে ঘের সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাকে গুলি করেছে বলে তার পরিবার ধারণা করছে। মামলার প্রস্তুতি চলছে। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ব্যবসায়ী রফিকুল ইসলাম দপ্তরীকে (৪৮) গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বেগ জানান, বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী রফিকুল ইসলাম দপ্তরী বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে দামোদর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা রফিকুলকে গুলি করে। তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ রফিকুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে নিহত তার ছোটভাই এখলাজ দপ্তরী হত্যা মামলার বাদি। গত মার্চ মাসে এখলাজকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এখলাজ হত্যকারীরা রফিকুলকে গুলি করেছে বলে পুলিশ ধারণা করছে বলে জানান সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বেগ।
