গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের ‘মুক্তিযোদ্ধা অনুসন্ধান’ ট্যাবে ক্লিক করলে পাওয়া যাচ্ছে না মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা। ট্যাবে ক্লিক করলেই ‘Error : 509 Bandwidth Limit Exceeded’ শীর্ষক বার্তা হাজির হচ্ছে। গত কয়েকদিনে অনেকেই এই ওয়েবসাইটে মুক্তিযোদ্ধাদের তালিকা দেখতে চাইলেও দেখতে পারেননি। এরই প্রেক্ষিতে দৈনিক ইত্তেফাক-এর অফিসেও ফোন করে অনেকে এই বিষয়টি অবহিত করেন। এর প্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কারিগরি সেবাদাতা প্রতিষ্ঠান স্যাফ্রন কর্পোরেশনের সাথে যোগাযোগ করলে তাদের এক প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধনের কাজ চলাকালীন লিংকটি সক্রিয় ছিল। সংশোধনের কাজ শেষ হলেও এখনও পর্যন্ত মন্ত্রণালয় থেকে তাদের কাছে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ কোনো তালিকা প্রদান করা হয়নি। ফলে তারা মুক্তিযোদ্ধাদের তালিকা প্রদর্শন করতে পারছেন না। মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতিরেকে কোনো ধরনের নোটিশ প্রদর্শনও তাদের আওতাবহির্ভূত বলে জানান তিনি।
