ভারতের গুজরাট রাজ্যের সুরাটে কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে অন্তত ১৮ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে অগ্নিকান্ডের সময় অনেক শিক্ষার্থী বহুতল ভবন থেকে লাফ দেন। এতে অনেকেই হতাহত হন। তাদের বয়স ১৪ বছর থেকে ১৭ এর মধ্যে। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের সহায়তা দেওয়ার অঙ্গীকার করেছেন। খবর এনডিটিভি’র
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় সুরাটের সারথানা এলাকার তাকশাশিলা আরকেডের শেষ দুই ফ্লোরে আগুন লাগে। বাণিজ্যিক ভবনটিতে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কোচিং সেন্টার ছিল। গ্রীষ্মকালীন ছুটির কারণে অনেকেই কোচিংয়ে উপস্থিত হয়েছিলেন। আগুন লাগার কারণ জানা যায়নি। তবে কয়েক ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। ভিডিওতে দেখা গেছে, একটি শিশু জানালা দিয়ে লাফ দিচ্ছে। তবে সে বেঁচে আছে কিনা তা জানা যায়নি। স্থানীয় এমপি দর্শনা জার্দোশ জানিয়েছেন, লাফ দেওয়া শিক্ষার্থীদের অনেকের অবস্থা আশংকাজনক। অগ্নিকান্ডের তদন্ত করতে একটি কমিটি করা হয়েছে। নিহতদের স্বজনদের ৪ লাখ রূপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী। ভবনটিতে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ভবনের মালিককে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
