এবার ট্রেইনারের বিদায়

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের পদ থেকে রিচার্ড ম্যাককিন্সের পদত্যাগের পর এবার বিদায় নিলেন ট্রেইনার ডেভিড ডয়ার। গত ১৪ মাস ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কর্মরত ছিলেন তিনি। দু’দিন আগেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের কাছে পদত্যাগপত্র জমা দেন। এর আগে পাকিস্তানের ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করা ডয়ার গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়ে আসেন বাংলাদেশে। তার চুক্তির মেয়াদ ছিল আগামী ২০১৫ সালের বিশ্বকাপ শেষ পর্যন্ত। অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া ডেভিড ডয়ারের প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘বাংলাদেশ দলের সাথে তিনি দারুণ কাজ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করা না করা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। কারণ সামনেই আমাদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আছে।’ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত। যদিও সফরসূচী এখনও চূড়ান্ত হয়নি।