বেনাপোলে ২ সন্ত্রাসী নিহত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:০৯
যশোরের বেনাপোলের বারোপোতা সীমান্তের চোরাচালান ঘাট নিয়ে বিরোধে প্রতিপক্ষের গোলাগুলি ও বোমা হামলায় দুই পক্ষের দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার সকালে বেনাপোলের বারোপোতা বাজারে বোমা হামলায় নিহত ইমান আলি (২৫) শার্শা উপজেলার শিবনাথপুর বারোপোতা গ্রামের আনিছোদ্দীর ছেলে। পরে নিহত ইমান আলির লোকজন উত্তর বারোপোতা গ্রামে যেয়ে প্রতিপক্ষ লালনকে (৩২) গুলি করে হত্যা করে। লালন উত্তর বারোপোতা গ্রামের আব্দুল মাজিদের ছেলে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান জানিয়েছেন। ইমান আলি সকালে বারোপোতা বাজারে আসলে প্রতিপক্ষ গ্রুপের লোকজন তার মাথায় হাতবোমা ছুঁড়ে মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ইমান আলির গ্রুপের সন্ত্রাসীরা সংবাদ পেয়ে উত্তর বারোপোতা গ্রামে যায় এবং প্রতিপক্ষ লালনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। লালন বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দু’পক্ষের দু’যুবক নিহত হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আরো বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। ইমান ও লালনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।