দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে পৃথক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
কক্সবাজারে দেয়াল ধসে ২ শিশু হতাহত
কক্সবাজার শহরের গোদারপাড়া এলাকায় গত শুক্রবার দেয়াল ধসে রাফি (৪) নামে এক শিশু নিহত ও আদনান ইমন (৯) নামে অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। দুই শিশু মাঠে খেলার সময় আবুল কাসেমের বাড়ির সীমানা দেয়াল ধসে তাদের উপর পরে। আহত আদনান ইমনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর বাড়ির মালিক আবুল কাসেম পলাতক রয়েছে।
ছাগলনাইয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ কুহুমা গ্রামে গত শুক্রবার দুপুরে পুকুরে ডুবে ফাতেমা (২) নামে এক শিশু মারা গেছে।
শিবগঞ্জে কলেজ ছাত্রের মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে গত শুক্রবার দুপুুরে পুকুরে ডুবে সুস্ময় কুমার মোহন্ত (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার বানাইল গ্রামের সমর কুমার মোহন্তের ছেলে এবং বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুস্ময় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান।
গলাচিপায় এক জেলের মৃত্যু
পটুয়াখালীর গলাচিপার পক্ষিয়া গ্রামে রামনাবাদ নদীতে গত শুক্রবার মাছ ধরতে গিয়ে জালে পেঁচিয়ে আশ্রাব ফকির (২৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। পক্ষিয়া লঞ্চঘাট সংলগ্ন রামনাবাদ নদীতে আশ্রাব ফকির কোমরে দড়ি বেঁধে নদীতে জাল ফেলে। জোয়ারের তীব্রতায় নদীর মাঝে চলে যায়। শনিবার সকালে চরখালী হাইস্কুলের পশ্চিম পাশে রামনাবাদ নদী থেকে জালে প্যাচানো অবস্থায় লোকজন তার লাশ উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে গত শুক্রবার দুপুরে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে গেঞ্জি ও লঙ্গী ছিল। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
না.গঞ্জে স্কুল ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার গত বিকালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রোমিও (১৪) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে আমলাপাড়ার আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও উত্তর চাষাঢ়া এলাকার দিলীপের ছেলে।
