বিভিন্ন স্থানে পাঁচ খুন

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১০
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। জগন্নাথপুরে ভাতিজার ঘুষিতে চাচা নিহত জগন্নাথপুর উপজেলার গাদিয়ালা গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় ভাতিজা এমরান মিয়ার ঘুঁষিতে চাচা নজির আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পূর্ব বিরোধের জের ধরে বাক-বিতণ্ডার এক পর্যায়ে বুকে ঘুঁষি মারলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পোরশায় যুবকের লাশ উদ্ধার নওগাঁর পোরশা উপজেলার বড়বনাইল গ্রাম থেকে গত শনিবার সকালে একটি মাঠ থেকে ফিরোজ বাবু (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় নিহত ফিরোজ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরদিন সকালবেলা এক কৃষক মাঠে গরু চরাতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেন। পোরশা থানার ওসি শফিউল আলম জানান, নিহতের গলায় কালো দাগসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপরে থানায় একটি মামলা হয়েছে। দৌলতপুরে ইভটিজারের হামলায় ছাত্রীর স্বজন নিহত কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভাগজোত এলাকায় কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আলেক মন্ডল (৪২) আহত হন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ভোরে মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছেন্টু আলীর কন্যা ও বাগোয়ান গার্লস কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী লাবনীকে একই এলাকার বখাটে মামনু, মিঠুন, রিংকু, জামরুল ও তাদের সহযোগীরা কলেজে যাওয়া-আসার পথে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। গত রবিবার সকালে লাবনীর খালু আলেক মন্ডল প্রতিবাদ করলে ঐ বখাটেরা হাত কুড়াল ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আলেকের স্বজনরা এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালায়। এতে আলেক মন্ডল, মইদুল, হানিফ, হান্নানসহ পাঁচজন আহত হয়। প্রথমে আলেক মন্ডল ও হানিফকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাশেদুল হক জানান, এ ব্যাপারে ১০/১২ জন বখাটের নামে থানায় হত্যা মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মাগুরায় রগ কেটে হত্যা মাগুরা সদর উপজেলার মালঞ্চি গ্রামে গত শুক্রবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে ওমর আলী (৫০) নামে এক ব্যক্তিকে দু’পায়ের রগ কেটে হত্যা করেছে প্রতিপক্ষরা। মাগুরা সদর থানার ওসি জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’দলের মধ্যে দ্বন্দ্ব এবং মামলা-মোকদ্দমা চলছিল। বিএনপির সমর্থক ওমর আলী মাঠের মধ্যদিয়ে বাড়িতে যাওয়ার পথে তার পায়ের রগ কেটে দিলে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে। করিমগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার কিশোরগঞ্জের করিমগঞ্জের উত্তর নানশ্রী গ্রাম থেকে গত শনিবার জান্নাত (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, তাকে শুক্রবার রাতে শ্বাসরোধে হত্যা করে লাশের গলায় ওড়না বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার গলায় জখমের চিহ্ন ছিল। তার স্বামীসহ বাড়ির পুরুষ লোকজন পলাতক রয়েছে।