নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলাধীন বাংলাদেশ কৃষিব্যাংক চরঈশ্বর শাখায় ব্যাংক কর্মচারীদের বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি তদন্তে আসলে ঋণ গ্রহীতারা প্রতিবাদ বিক্ষোভ করেছেন। এ শাখায় সাবেক ম্যানেজার কামরুল ইসলাম ও মাঠ কর্মকর্তা তফাজ্জল হোসেন সেলিম বুড়ির চরইউনিয়নের রেহানিয়া গ্রামের বিনোদ চন্দ্র নাথ, ছালাউদ্দিন, ইব্রাহীম খলিল, নুর আলম, সিরাজউদ্দিন, জগদীশ চন্দ্র পাল, আবুল কালাম, খবির মেম্বার, ইয়াছিনউদ্দিনসহ ৮১ জনের নামে জাল স্বাক্ষর করে প্রায় ১ কোটি টাকা আত্মসাত্ করেছেন। গ্রাহকদের অভিযোগ: তারা লোন নিয়েছেন ১টা। এখন কাগজপত্রে দেখা যাচ্ছে ২টা। আবার লোন নিয়েছেন ১০ হাজার কিন্তু এখন কাগজে দেখা যাচ্ছে ৪০ হাজার। এ ব্যাপারে বর্তমান ব্যাংক ম্যানেজার জকিউদ্দিন আহমেদ জানান, আমি বিশ লাখ টাকার এরকম অনিয়ম দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি, সেই মোতাবেক এখন তদন্ত হচ্ছে। টাকার অংক আরো বাড়তে পারে।
