মতলবের ১০ প্রাইমারি স্কুলে খাবার পানির তীব্র সংকট

আপডেট : ২৬ এপ্রিল ২০১৪, ২২:১১
মতলব দক্ষিণ উপজেলায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ অচল হওয়ার কারণে ঐসব বিদ্যালয়ে তীব্র বিশুদ্ধ খাবার পানির অভাব দেখা দিয়েছে। ফলে এসব বিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষার্থী চলতি গরমে বিশুদ্ধ খাবার পানির অভাবে ভুগছে । স্কুলগামী এসব শিশু ডায়রিয়া, জন্ডিসসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপ দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। বাকি ১০১টি নলকূপে পানি সুবিধা থাকলেও অধিকাংশে আর্সেনিকের উপস্থিতি রয়েছে। দক্ষিণ দীঘলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মো. মামুন মিয়া জানায়, নলকূপ নষ্ট থাকায় তাঁর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পাশের বাড়িতে গিয়ে পানির তৃষ্ণা মেটাচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোখলেছুর রহমান বলেন, এসব বিদ্যালয়ের নলকূপ সচলের জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া কতিপয় বিদ্যালয়ে নতুন নলকূপ বসানোর জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।