দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে গরু, ছাগল, নগদ টাকা, স্বর্ণালংকার ও বসতবাড়ির মালামালসহ পুড়ে যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
উলিপুরে ৪টি অগ্নিকাণ্ডে ২০টি ঘর ভস্মীভূত
কুড়িগ্রামের উলিপুরে গত শুক্রবার ৪টি অগ্নিকাণ্ডে ৬ পরিবারের ২০টি ঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার খামার বজরা গ্রামের আবুল কালাম আজাদের বাড়িতে অগ্নিকাণ্ডে ৫টি টিনের ঘর পুড়ে যায়। পৌরসভার জোনাইডাঙ্গা গ্রামে রাতে দিনমজুর ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম ও ফরমান আলীসহ ৩ পরিবারের ১৫টি টিনের ঘর, ছাগল ও ভেড়াসহ সর্বস্ব আগুনে পুড়ে যায়। এদিকে দুপুরে বামনাছড়া গ্রামে মতিয়ার রহমান ও বিকালে একই গ্রামের নূর আলমের বাড়িতে অগ্নিকাণ্ডে খড়ের গাদা পুড়ে যায়। উলিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪টি অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী গতকাল শনিবার সকালে জোনাইডাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
আলফাডাঙ্গায় পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ড
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে হাসপাতাল রোডে গত শুক্রবার সকালে পেট্রোলের দোকানে অগ্নিকাণ্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়। মেঘলা ট্রেডার্সে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ইউএনও সরকারের পক্ষ থেকে মেঘলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং পাশের ক্ষতিগ্রস্ত চায়ের দোকানদার আব্দুল জলিলকে ২ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
রায়গঞ্জে ৪টি দোকান ভস্মীভূত
সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি বাজারে গত শুক্রবার অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
বেড়ায় দশটি ঘর পুড়ে গেছে
পাবনা বেড়ায় নগরবাড়ির কেষ্টপুর গ্রামে গত শুক্রবার রাতে আগুনে তিনটি বাড়ির প্রায় দশটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় হারুূণ খাঁ’র একটি গরুসহ ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
কালিয়াকৈরে স’মিলে আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাঁড়িয়াপুর এলাকার ফকির মার্কেটে গত শুক্রবার রাতে আবু তাহের স’মিল পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। মিলের মেশিন ও কাঠসহ ৮ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ব্যাপারে মিলের মালিক আবু তাহের বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়রী করেন।
সিরাজদিখানে ৫টি দোকান পুড়ে ছাই
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজদিয়া বটতলা বাজারে গত শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ৫টি দোকানঘর পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জে ২টি বসতবাড়ি ভস্মীভূত
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নবগ্রামে গত শনিবার সকালে অগ্নিকাণ্ডে দু’টি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা ও আসবাবপত্রসহ তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
