লিবিয়া উপকূলস্থ ভূমধ্যসাগর থেকে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। ইউরোপগামী তিনটি নৌকা থেকে এই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে গতকাল শুক্রবার লিবিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার জার্মানির একটি দাতব্য সংস্থা লিবিয়ার নৌবাহিনীকে সাগরে তিনটি নৌকা বিকল হয়ে পড়ার খবর জানায়। এছাড়া লিবিয়ার কোস্ট গার্ড একটি রাবারের নৌকা ডুবে যাওয়ারও খবর পায়। নৌকা ডুবে যাওয়ার পর যাত্রীরা সাগরে ভাসচ্ছিলেন।
গতকাল লিবিয়ার নৌবাহিনীর ফেসবুকে পেজে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, নৌকাটিতে ৮৭ জন অভিবাসী ছিলেন। এদের মধ্যে ছয়জন নারী ও এক শিশু রয়েছে। এর আগে লিবীয় কোস্ট গার্ড আরো দুটি রাবারের নৌকা থেকে ২০৩ জন অভিবাসীকে উদ্ধার করে বলে পৃথক বিবৃতিতে জানানো হয়েছে।
তিনটি নৌকাতে থাকা বেশিরভাগ অভিবাসন প্রত্যাশী আরব ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে ১৪ জন বাংলাদেশি রয়েছেন। তাদেরকে উদ্ধারের পর মানবিক ও চিকিত্সা সহায়তা দিয়ে লিবিয়ার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবিতে প্রাণ হারান ৪০ বাংলাদেশি নাগরিক।
