পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ আয়োজন করে ‘বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা’। শুক্রবার রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সেমিনার কক্ষে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথি ছিলেন মেঘনা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী, বাংলাদেশ ব্যাংক গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ.এফ.এম. আসাদুজ্জামান। অনুষ্ঠান শুরুতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদান করেন ছোট শিশু হাসান মুশফিক শাবাব। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের পরিচালক আনোয়ার হাসান বাবু অনুষ্ঠান সঞ্চালন করেন। ৩৩ জন শিশুকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় ৪ থেকে ১৩ বছর বয়সের ৫ শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল শিশুকে সনদপত্র এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমানের লেখা ‘বঙ্গবন্ধু সহজপাঠ’ বইটি উপহার হিসেবে দেয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি
