সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিশাল জয়ের পর ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী। তিনি বলেছেন, ইভিএম কারচুপি হয়েছে উত্তরপ্রদেশে, এভাবেই নির্বাচন হাইজ্যাক করেছে বিজেপি। খবর:আনন্দবাজার পত্রিকার।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে শুরু করে কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সব দলই এবার উত্তরপ্রদেশের দখল নিতে তত্পর ছিল। কিন্তু গতবারের মতো এবারো উত্তর প্রদেশে দোর্দণ্ড দাপট দেখিয়েছে বিজেপি। ৬০টির মতো আসন পেয়েছে তারা। অন্যদিকে ব্যর্থ হয়েছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির মহাজোট। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, উত্তরপ্রদেশের দখল নিতে পারলেই সুগম হয়ে যায় প্রধানমন্ত্রিত্বের পথ। কিন্তু সেখানেই পিছিয়ে পড়েছেন মায়াবতী-অখিলেশরা। বিজেপির বিশাল জয়ে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ছিটকে পড়েছেন মায়াবতী। আর তারপরই অভিযোগ উত্থাপন করলেন।
ফলপ্রকাশের পর বৃহস্পতিবার রাতে মায়াবতী বললেন, ইভিএম কারচুপি করে নির্বাচন হাইজ্যাক করেছে বিজেপি। বিশেষ কোনো প্রক্রিয়ার মাধ্যমে ভোট গিয়েছে বিজেপির দখলেই। এটা সম্পূর্ণ চক্রান্ত। এই নির্বাচনে মহাজোটের হতাশাজনক ফল তিনি একেবারেই আশা করেননি। তিনি বলেন, ইভিএমের বিরোধিতা করেছে সারা দেশ। মানুষের বিশ্বাসটুকুও ফলপ্রকাশের পর হারিয়ে গেছে। দেশের বিশ্বাসভঙ্গ করেছে বিজেপি। নির্বাচন কমিশন এবং বিজেপি দু’য়ের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলে মায়াবতী বলেন, কোনো একটা রহস্য তো রয়েছেই। কারণ এই দুই পক্ষের কেউই ব্যালট বাক্সের ভোটে রাজি হয়নি। ২০১৭ সালেও বিধানসভা নির্বাচনের পর ইভিএম কারচুপির অভিযোগ আনেন মায়াবতী।
