বেড়িয়ে আসি দূরে

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ১৯:৫৯
ছুটি মানেই বন্ধুবান্ধব নিয়ে আড্ডা। কম্পিউটারের স্ক্রীনে যারা সারাবছর বন্দী হয়ে থাকেন তারাও ছুটিতে বন্ধুদের নিয়ে ঘুরতে পারেন। যেই বন্ধুটির সাথে আপনার অনেক দিন ধরে অভিমান, সেই বন্ধুটির রাগ ভাঙ্গানোর সময়টাও ছুটিতে। সংসার, চাকরি ও পড়ালেখার কারণে কাছের বন্ধুদের সাথেও দূরত্ব সৃষ্টি হয়। ছুটিতে বন্ধুর সাথে সব দূরত্ব ঘুচিয়ে দিনগুলোকে বন্ধুত্বময় করে তুলুন। কিভাবে ছুটিকে আরো আনন্দময় করে তুলবেন আপনার প্রিয় বন্ধুটির সাথে। কোথায় যাবেন, কি কি প্ল্যান আছে সেটা বন্ধুদেরকে গ্রুপ মেসেজে জানিয়ে দিন। যেদিন বেড়ানোর পরিকল্পনা করেছেন তার আগের দিনই জানিয়ে দিন। সবার সুবিধা অসুবিধা অনুযায়ী সময় ঠিক করুন। কারো সাথে মান অভিমান থাকলে তাকে ছোট্ট একটা মেসেজ পাঠিয়ে দিন। অথবা ফোন করে সরি বলে ফেলুন। একটি মাত্র ‘সরি’ আপনার বন্ধুত্বের অমূল্য সম্পদটি ফিরিয়ে দিবে। ছুটিতে সিনেমা দেখাটা অনেক পুরানো ঐতিহ্য। বহুকাল ধরে সাধারণ মানুষজন বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যায় ছুটিতে। এইবারও তার ব্যতিক্রম হবে না। কোনো একটা মুভি দেখে আসুন বন্ধুদের নিয়ে। পুরানো ঢাকার অলিতে গলিতে আছে মজার মজার খাবারের দোকান। ঘুরাঘুরি করতে করতে যদি ক্ষুধা লেগে যায় তাহলে এসব কোনো দোকানে ঢুকে খাওয়া দাওয়ার পর্ব সেরে নিন। ঘুরাও হলো আবার খাওয়াও হলো। যাকে বলা হয় এক ঢিলে দুই পাখি। পুরান ঢাকায় যদি যেতে না চান তাহলে নতুন ঢাকায় ঘোরার অনেক জায়গা আছে। ধানমন্ডি ৮নং লেকে প্রতিদিন অনেক মানুষের আড্ডা বসে। আর ছুটি হলেতো কথাই নেই। রীতিমতো জমজমাট। আড্ডা, খাওয়া সব মিলিয়ে ছুটির আনন্দ ষোল আনা। বন্ধুদের সাথে প্ল্যান করে ধানমন্ডি লেকে আড্ডা জমিয়ে ফেলতে পারেন। এছাড়াও পার্ক, যাদুঘর, চিড়িয়াখানা ইত্যাদি জায়গা গুলোও ঘুরার জন্য বেশ ভালো। এছাড়া ছুটিতে ঢাকার বাহিরেও বেড়াতে যেতে পারেন। যেখানেই আপনি বেড়াতে যান না কেন আপনাকে পূর্বপ্রস্তুতি নিতে হবে অবশ্যই। বেড়াতে গিয়ে এটা ভুলে গেছেন তো সেটা আনা হয়নি, এমন হলে কি ভালো লাগবে? একদম না! আসুন, জেনে নেই ছুটিতে বেড়ানোর পূর্বপ্রস্তুতি কেমন হতে পারে। বেড়াতে যেতে চাইলে কোথায় যেতে চান সেটা ঠিক করুন প্রথমেই। আগেই টিকিট করে ফেলুন। আর দূরের অন্য কোনো পর্যটন কেন্দ্রে যেতে চাইলে টিকেট ও হোটেল বুকিং দিয়ে দিন আগেভাগেই। কারণ ছুটির সময় আগে থেকে হোটেল বুকিং না দিলে থাকার জায়গা নিয়ে সমস্যা হতে পারে। একটু আগে থেকেই ব্যাগ গুছিয়ে নিলে ছুটির দিন অথবা পরদিনই রওনা হয়ে যেতে পারবেন। ব্যাগে সব প্রয়োজনীয় জিনিসগুলো মনে করে নিয়ে নিন। একটা লিস্ট মেনটেইন করতে পারেন। সব প্রস্তুতি শেষ। এবার রওনা হয়ে যান। ব্যাগ ও সুটকেস হাত ছাড়া করবেন না। চোখের পলকেই চুরি হয়ে যেতে পারে আপনার মূল্যবান জিনিসপত্র। সঙ্গে ছোট বাচ্চা গেলে হাত ধরে রাখুন সর্বদা। নাহলে ভীড়ের মধ্যে হারিয়ে যেতে পারে।