বরিশালের ৫১ প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:৫৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি আসনে মোট ৫১ জন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  গতকাল বুধবার শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন ৩৯ জন প্রার্থী। এর আগে গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন ১২ জন প্রার্থী।

গতকাল মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি, বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন, বিএনপির অপর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাকের পার্টির মনোনীত প্রার্থী মো: বাদশা মিয়া। বরিশাল-২ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি’র শহিদুল হক জামাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, জাতীয় পার্টির মাসুদ পারভেজ (সোহেল রানা), আওয়ামী লীগের প্রার্থী মো: শাহে আলম ও স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। বরিশাল-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী বেগম সেলিমা রহমান ও জয়নুল আবেদিন এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, ঐক্য ন্যাপ’র প্রার্থী মাস্টার নূরুল ইসলাম। বরিশাল-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের পংকজ নাথ এমপি ও বিএনপি মনোনীত প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ। বরিশাল-৫ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও এবায়দুল হক চাঁন। বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাসদ মনোনীত প্রার্থী মো: মোহসিন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ওসমান হোসেন মনির, বিএনপি’র প্রার্থী আবুল হোসেন খান ও আবদুর রশীদ খান, জাতীয় পার্টির প্রার্থী রতনা আমিন এবং গণফোরামের প্রার্থী হিরন কুমার দাস মিঠু।

মঙ্গলবার মনোনয়ন জমা দেয়া প্রার্থীরা হলেন, গণতান্ত্রিক মোর্চার  ব্যানারে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার বরিশাল-৫ (সদর), বরিশাল-১ আসনে ইসলামী আন্দোলনের রাসেল সরদার, বরিশাল-২ আসনে ইসলামী আন্দোলনের মো. নেছারউদ্দিন, এনপিপি’র সাহেব আলী ও ওয়ার্কার্স পার্টির জহিরুল ইসলাম, বরিশাল-৩ আসনে ওয়ার্কার্স পার্টির শেখ মো. টিপু সুলতান, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমান আতিক, বরিশাল-৪ আসনে বিএনএফ জোটের এনামুল হক, বরিশাল-৫ আসনে পিপলস্ পার্টির শামীমা নাসরিন, বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলনের মো. নুরুল ইসলাম আল-আমিন ও জেডিসি’র কেএম নুরুল ইসলাম।

মনোনয়ন দাখিল নিয়ে যুবদলের

দুই গ্রুপে হাতাহাতি

বরিশাল সদর-৫ আসনে বিএনপি’র প্রার্থী মজিবর রহমান সরোয়ারের মনোনয়নপত্র জমা দিতে আসা যুবদলের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে মহানগর যুবদলের সাধারণ সম্পাদকসহ দু’জন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে দিকে বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ে বিএনপি’র যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের সামনেই দুই দফায় এই মারামারির ঘটনা ঘটেছে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় মাসুদ হাসান মামুন ও ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীসহ ২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে যুবদল নেতা সাঈদ খোকন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে মজিবর রহমান সরোয়ার প্রধান ফটক থেকে জেলা প্রশাসন কার্যালয়ে দ্বিতীয় তলায় ওঠার সময় সাথে থাকা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাঈদ খোকন এর মধ্যে আগে যাওয়া নিয়ে ধাক্কাধাক্কি হয়। এর জের ধরে ওই দুই জনের মধ্যে হাতাহাতি’র একপর্যায় মাসুদ হাসান মামুন ও তার সমর্থকরা সাঈদ খোকনকে বেধড়ক মারধর করে। এতে মাসুদ হাসান মামুন ও সাঈদ খোকন দুইজনেই আহত হয়। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো: আসাদুজ্জামান বলেন, থানা ও ডিবি পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে আটক করা হয়নি।