সরাইলে বন্ধের পথে ৫ শতাধিক ভলগেট ও ট্রলার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৪
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল এলাকার ৫ শতাধিক স্টীল বডি নৌকা (ভলগেট) ও ট্রলার সন্ত্রাসী চাঁদাবাজদের অত্যাচারে নৌপথে চলাচল বন্ধ হওয়ার পথে। সুনামগঞ্জ থেকে এ সমস্ত ভলগেট ও ট্রলার নারায়ণগঞ্জ পর্যন্ত যেতে ৮ থেকে ১০ জায়গায় ১০ থেকে ১৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। এ সমস্ত নৌযান বালি, পাথর, সিমেন্ট, ক্লিংকার, ধান, কয়লা বহন করে। বিশেষ করে মেঘনা ঘাট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ৫ কিলোমিটারের মধ্যে মেঘনা ঘাট,গজারিয়া, মুক্তারপুর, বৈদ্যারবাজার এলাকায় বেশি চাঁদাবাজি হচ্ছে। সন্ত্রাসী ছাড়াও ইজারার নামে একশ্রেণীর প্রতারকরাও চাঁদাবাজি করছে। চাঁদা দিতে বিলম্ব করলে নৌযানের সুকানি, লস্কর ওমিস্ত্রিদের শারীরিক নির্যাতন এমনকি নগদ অর্থ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ফলে এ সমস্ত নৌযানের শ্রমিকরা চাকরি করতে চাচ্ছে না। শ্রমিক না পেয়ে মালিকরা দিশেহারা হয়ে পড়েছে। অরুয়াইল ভলগেট নৌযান মালিক সমিতির সভাপতি হাজী মোঃ শওকত আলী ও সাধারণ সম্পাদক হাজী মোঃ বোরহানউদ্দিন জানান, চাঁদাবাজদের অত্যাচারে এ শিল্পটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।