দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সা এবং সকল কারাবন্দি নেতাকর্মীর মুক্তি দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। গতকাল শুক্রবার মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারো বিএনপি কার্যালয়ের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিলে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জেবা খান, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভানেত্রী পেয়ারা মোস্তফা, শামসুন্নাহার বেগম, শাহজাদী কহিনুর, মিনা বেগম, নাজনীন, গুলশান আরা মিতা, নিলুফা ইয়াসমিন নিলু, সাবিনা ইয়াসমিন প্রমুখ অংশ নেন।
মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকার জন্যই সরকার ৩০ ডিসেম্বর মধ্যরাতের নির্বাচন করে রাষ্ট্রক্ষমতা দখলে রেখেছেন। আর সেজন্যই মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে নির্বাচনের ১০ মাস পূর্বেই বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছেন।
