টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর সূর্যতরুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নামে মামলা করার প্রতিবাদে শিক্ষার্থীরা মডেল পরীক্ষা ও ক্লাস বর্জন করেছে।
প্রধান শিক্ষকের মামলা প্রত্যাহার ও প্রধান শিক্ষককে স্বপদে পুনর্বহালের দাবিতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গত দু’মাস ধরে ক্লাস বর্জনসহ গত ৮ এপ্রিল থেকে মডেল পরীক্ষা দেয়া বন্ধ করে দিয়েছে।
গতকাল রবিবার বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মডেল পরীক্ষা চলাকালে ৩৫০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১০/১২ জন পরীক্ষায় অংশ নিচ্ছে। বিবদমান দুই গ্রুপের বিরোধের জেরে যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ হতে পারে এই ভয়ে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষকের নামে যে মামলা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অচিরেই ঐ বিদ্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
