ঝালকাঠির নলছিটিতে ২৬ দিনেও নিখোঁজ শিশু শ্রমিক আল আমিনের(১৪) সন্ধান মেলেনি। সে পৌর এলাকার পরমপাশা গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে। অভাবের তাড়নায় শহরের একটি ওয়ার্কশপে কাজ করতো সে। আল আমিনের মা কমলা বেগম গতকাল রোববার নলছিটি প্রেসক্লাবে এসে তার ছেলে নিখোঁজ হওয়ার খবর জানিয়ে এবং ছবি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, নান্দিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে আল আমিন। অভাবের তাড়নায় পরে শহরের কেরামত তালুকদারের ওয়ার্কশপে শ্রমিকের কাজ শুরু করে সে। গত ২ এপ্রিল সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে যায়নি। ওয়ার্কশপ মালিক আল আমিনের মাকে জানান, তার ওয়ার্কশপে ওইদিন সে কাজে আসেনি।
