দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে পৃথক দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা
চাটমোহরে ২ জন নিহত
পাবনার চাটমোহর উপজেলার পাচুরিয়া ঢালে গত শনিবার সকালে বাস ও সিএনজি চালিত টেম্পুর সংঘর্ষে দুইজন নিহত ও আরো তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, আকতার হোসেন (৪০) ও অজ্ঞাত পরিচয় (৩৫)। আহতরা হলেন, ব্যাংক কর্মকর্তা আ. মালেক, আবু তালেব ও অজ্ঞাত পরিচয় একজন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুঠিয়ায় দন্ত চিকিত্সক নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর বিহারীপাড়া এলাকায় গতকাল রবিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩৫) নামে এক দন্ত চিকিত্সক নিহত হন। সে কমফোর্ট ডেন্টাল কেয়ারের মালিক। পুঠিয়া থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে গত শনিবার সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। তাকে প্রথমে পুঠিয়া হেল্থ কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রবিবার ভোরে মারা যান।
মহেশপুরে শিশু নিহত
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজারে গত শনিবার রাতে বাস ও নছিমনের সংঘর্ষে সাদিয়া খাতুন (৭) নামে এক শিশু নিহত ও ৬ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে কোট চাঁদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও তিনজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফতুল্লায় আগুনে পুড়ে শিক্ষকের স্ত্রীর মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার সস্তাপুর এলাকায় গতকাল রবিবার আগুনে পুড়ে আমেনা বেগম (৬৫) নামে এক শিক্ষকের স্ত্রী মারা গেছেন। ঘটনার দিন সকালে বুড়ির দোকানের প্রফেসরস হাউসের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। নিহত আমেনা বেগম সরকারি তোলারাম কলেজের গণিত বিভাগের সাবেক প্রফেসর (অব.) আবুল কালাম আজাদের স্ত্রী।
