দৌলতপুরে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৬
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকনগর উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো.লোকমান হোসেনের উপর বখাটে কর্তৃক হামলা ও মারধরের প্রতিবাদে গতকাল রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে সকল শিক্ষক ও শিক্ষার্থী হামলাকারী মো. শুভ মিয়াকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে। ফলে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের অনুষ্ঠিত মডেল টেস্ট পরীক্ষা বন্ধ রয়েছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। টেস্ট পরীক্ষা চলাকালীন সময়ে তালুকনগর গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমানের বখাটে ছেলে মো. শুভ মিয়া (২০) স্কুলে প্রবেশ করে পরীক্ষার শ্রেণীকক্ষে দায়িত্বে থাকা ইংরেজি শিক্ষক মো. লোকমান হোসেনের উপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে পালিয়ে যায়। ঘটনার পর আহত শিক্ষককে অন্য শিক্ষকরা এসে উদ্ধার করে। এ ব্যাপারে তালুকনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক জানান, ইংরেজি শিক্ষকের উপর হামলাকারী বখাটে মো. শুভ মিয়া দীর্ঘদিন ধরে স্কুলের মেয়েদের স্কুল ও পথেঘাটে উত্ত্যক্তসহ শিক্ষকদের নানা ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল। প্রতিবাদ করায় গত ২০ এপ্রিল বখাটে শুভ মিয়া স্কুলে ঢুকে শিক্ষকের উপর হামলা ও মারধর করে।