বেনাপোলের বারোপোতা সীমান্তের চোরাচালান ঘাট নিয়ে বিরোধে প্রতিপক্ষের গোলাগুলি ও বোমা হামলায় দুই পক্ষের দুই সন্ত্রাসী শনিবার ইমান আলী ও লালন নিহত হওয়ার পর এলাকার মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। বারোপোতা গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নিহত ২ পরিবারের পক্ষ থেকে বেনাপোল পোর্ট থানায় পৃথক ২টি মামলা করা হয়েছে। নিহত ইমান আলীর পক্ষে তার ভাই মিজানুর ৮ জনকে আসামি করে একটি মামলা করেছেন। নিহত লালনের পক্ষে তার মামা খোদা বকস্ ১১ জনকে আসামি করে মামলা করেছেন। বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এখনো কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। আসামিরা ভারতে পালিয়ে গেছে।
