বিএসএফের নির্যাতনে আহত যুবকের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২১:১৭
যশোরের শার্শা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে গুরুতর আহত আবদুল খালেক (২৮) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার রাতে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি নওগাঁর সাপাহার উপজেলার কৃষ্ণসদা গ্রামের আবদুল হাকিমের ছেলে। চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে রামেক হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক তৈয়বুর রহমান জানান, ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে আবদুল খালেকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় কয়েক ব্যক্তি আবদুল খালেককে গুরুতর আহত অবস্থায় রামেক হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়। ওই সময় আবদুল খালেক পুলিশকে জানান, বৃহস্পতিবার রাতে যশোরের শার্শা সীমান্তে গরু পার করতে গিয়ে তিনি বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন। এসময় বিএসএফ সদস্যরা তাকে বেধড়ক মারপিটের এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। পরে বিএসএফ সদস্যরা তাকে গুরুতর জখম অবস্থায় শার্শা সীমান্তের কোটখালি এলাকায় ফেলে রেখে যায়। পরদিন শুক্রবার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এরপর ট্রেনে করে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসে।