টেকনাফে ইয়াবা বিরোধী অভিযান

আপডেট : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:২২
কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সেচ্ছাসেবক লীগের সভাপতিসহ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার ভোর চারটায় দিকে উপজেলার নীলা ইউনিয়নের জাদিমোড়া এলাকার নেছার পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌর এলাকার জাহেদ হোসেন জাকু (৪৫) এবং ফরিদুল আলম (৪৮)। জাকু সেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। এ ঘটনায় বিজিবির সদস্য মোঃ আব্দুল মজিদ, র্যাবের এএসআই আব্দুর রহমান, কনস্টেবল মোঃ বোরহান উদ্দিন ও মোঃ মোস্তাফিজুর রহমান আহত হন। ঘটনাস্থল তল্লাশি করে ব্যবহূত দুইটি দেশি কাঠের বাটযুক্ত এলজি, একটি পাইপ গান, ১২টি কার্তুজ ও ১৪৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ভোর চারটায় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কে এই অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসীরা মাইক্রোবাস থেকে গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবি ও র্যাব গুলি করে। গোলাগুলি শেষে মাইক্রোবাসের ভেতরে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিদারুল ফেরদাউস জানিয়েছেন, নিহতরা তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ছিলেন।